ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

১ নভেম্বর থেকে এমএফএস অ্যাকাউন্টে আন্তঃপ্রতিষ্ঠান লেনদেন শুরু।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের আর্থিক খাতে নতুন এক সুযোগ চালু হচ্ছে—মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবহারকারীরা এখন একই প্রতিষ্ঠান ছাড়াও অন্য প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। এই সুবিধা কার্যকর হবে আগামী ১ নভেম্বর থেকে।

তবে এই আন্তঃএমএফএস লেনদেনে কিছু অতিরিক্ত চার্জ পড়বে।

২০১১ সালে দেশে চালু হওয়া এমএফএস সেবা গ্রাহকদের নগদ উত্তোলন, বিল পরিশোধ, প্রবাসী আয় গ্রহণ এবং কেনাকাটাসহ নানা লেনদেনের সুযোগ দেয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ১৪ কোটি ৬৪ লাখের বেশি এমএফএস অ্যাকাউন্ট রয়েছে। প্রতি মাসে এসব অ্যাকাউন্টে প্রায় দেড় লাখ কোটি টাকার লেনদেন সম্পন্ন হয়।

বর্তমানে প্রতিটি এমএফএস প্রতিষ্ঠান কেবল নিজের গ্রাহকদের মধ্যে লেনদেন করতে পারে। নতুন উদ্যোগের মাধ্যমে একই সাথে এক প্রতিষ্ঠানের গ্রাহক অন্য প্রতিষ্ঠানের অ্যাকাউন্টেও টাকা পাঠাতে পারবে। এক হাজার টাকা পাঠাতে চার্জ পড়বে সাড়ে ৮ টাকা। ব্যাংক থেকে এমএফএসে লেনদেনে খরচ পড়বে ২ টাকা, এবং ব্যাংক থেকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের (পিএসপি) অ্যাকাউন্টে লেনদেন করলে হাজারে ২ টাকা চার্জ হবে। তবে প্রতিষ্ঠানভেদে ক্যাশ আউট চার্জ আগের মতোই থাকবে।

ব্যাংকাররা মনে করেন, এই সুবিধা গ্রাহক-এজেন্ট উভয়ের জন্যই সহায়ক হবে। ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফারুক মাঈনুদ্দিন বলেন, নগদ ও এমএফএসের মধ্যে লেনদেনের সুবিধা সরাসরি অর্থের মূল্যে পরিমাপ করা সম্ভব নয়। সুবিধাকে অগ্রাধিকার দিতেই গ্রাহকরা কিছুটা অতিরিক্ত খরচ মেনে নেবেন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, ক্যাশলেস সোসাইটি গড়ে তুলতে গ্রাহক স্বার্থ সর্বোচ্চ গুরুত্ব পাবে। যদিও শতভাগ নগদহীন সমাজ গড়ে তোলা সম্ভব নাও হতে পারে, তবুও যতটা সম্ভব তা বাস্তবায়নের চেষ্টা করা হবে।

আগামী ১ নভেম্বর থেকে এই নতুন লেনদেন শুরু হবে দেশজুড়ে ব্যাংক, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং এমএফএস প্রতিষ্ঠানগুলোতে, যাতে গ্রাহকরা একযোগে সুবিধা গ্রহণ করতে পারেন।

মতামত দিন