ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

ঢাকা স্টক এক্সচেঞ্জ এ টানা দরপতন, কমেছে সূচক ও লেনদেন।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের শেয়ারবাজারে টানা দরপতনের ধারা অব্যাহত রয়েছে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারও বড় পতনে লেনদেন শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

এদিন সূচক ও লেনদেন উভয়ই কমেছে, সঙ্গে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দামও পড়ে গেছে।

লেনদেন শুরুর পরপরই কিছু শেয়ারের দাম বাড়ায় সূচক ঊর্ধ্বমুখী ছিল। কিন্তু মাত্র ২০ মিনিটের মধ্যেই পরিস্থিতি ঘুরে যায়। একের পর এক কোম্পানির শেয়ারদর নিচে নামতে শুরু করে। প্রথম ঘণ্টা শেষে পতনের ঢল নামে প্রায় সব খাতেই। দিনশেষে সূচক ও শেয়ারের দরপতনের মধ্য দিয়েই লেনদেন শেষ হয়।

ডিএসইর পরিসংখ্যান বলছে, সোমবার মাত্র ৮১টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, বিপরীতে ২৬০টির দাম কমেছে এবং ৫৫টির দাম অপরিবর্তিত ছিল। ভালো কোম্পানিগুলোর মধ্যে ৪৩টির দর বেড়েছে, ১৫০টির কমেছে, ২৮টির ছিল অপরিবর্তিত। মাঝারি মানের ২০টি কোম্পানির দর বেড়েছে, ৫২টির কমেছে এবং ৮টি অপরিবর্তিত থেকেছে।

দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৬ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৭ পয়েন্ট কমে ১ হাজার ৯৬৯ পয়েন্টে এবং শরিয়াহ সূচক ১১ পয়েন্ট কমে নেমে এসেছে ১ হাজার ৭২ পয়েন্টে।

এদিন বাজারে মোট লেনদেন হয়েছে ৩৯৪ কোটি ১৮ লাখ টাকার, যা আগের কার্যদিবসের ৪৬১ কোটি ৫৫ লাখ টাকার তুলনায় প্রায় ৬৭ কোটি ৩৭ লাখ টাকা কম।

লেনদেনে শীর্ষে ছিল ওরিয়ন ইনফিউশন—কোম্পানিটির ২৩ কোটি ৬২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এরপর রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ১৫ কোটি ২০ লাখ টাকায় এবং আনোয়ার গ্যালভানাজিং ১৪ কোটি ৭৩ লাখ টাকায়।

তালিকার অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে প্রগতি ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, রবি, সিটি ব্যাংক, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ও ব্র্যাক ব্যাংক।

মতামত দিন