ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দর কার্গো অগ্নিকাণ্ড: রপ্তানিকারকদের ছয় পদক্ষেপের দাবি।

নিজেস্ব প্রতিবেদক:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডের পর, রপ্তানিকারক সংগঠন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি) পূর্ণাঙ্গ তদন্ত ও ক্ষতির হিসাব নিয়ে ছয়টি পদক্ষেপ নেওয়ার দাবি করেছে।

আজ সোমবার (২০ অক্টোবর) হোটেল সোনারগাঁওয়ে ইএবি আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরা হয়।

অনুষ্ঠানে ইএবি ও বিকেএমইএ-এর সভাপতি মোহাম্মদ হাতেম লিখিত বক্তব্য দেন।

হাতেম বলেন, “এই অগ্নিকাণ্ড শুধু আর্থিক ক্ষতি নয়, দেশের ভাবমূর্তিতেও মারাত্মক প্রভাব ফেলেছে। নিরাপত্তাজনিত কারণেই কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন কার্যক্রম স্থগিত করেছে, যা উদ্বেগের বিষয়। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় এক বিলিয়ন ডলার বা ১২ হাজার কোটি টাকা হিসেবে ধরা হচ্ছে। এছাড়া, বিদেশি ক্রেতারা বাংলাদেশি পণ্যের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হতে পারেন, যা রপ্তানি খাতের জন্য নেতিবাচক প্রভাব ফেলবে।”

তিনি সংবাদ সম্মেলনে ছয়টি প্রধান দাবি তুলে ধরেন:

১. ক্ষতিগ্রস্ত পণ্যের বিমা দাবির দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করা।
২. বিমা না থাকা পণ্যের জন্য সরকারি তহবিল থেকে ক্ষতিপূরণ ও সহায়তা প্রদানের ব্যবস্থা।
৩. ভবিষ্যতে নিরাপত্তা নিশ্চিত করতে কার্গো ভিলেজের আধুনিকায়ন ও সম্প্রসারণ।
৪. ওষুধ শিল্পের জন্য আলাদা, শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক গুদামের ব্যবস্থা।
৫. নিরাপদ দূরত্বে রাসায়নিক গুদাম নির্মাণ।
৬. কার্গো ভিলেজের গুদাম ব্যবস্থাপনাকে সম্পূর্ণ অটোমেটেড ও প্রযুক্তিনির্ভর করা।

এর আগে, ১৮ অক্টোবর দুপুরে বিমানবন্দর কার্গো এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিমানবন্দর ফায়ার সেকশন, বিমান বাহিনীর ইউনিটসহ ১৩টি স্টেশন থেকে ৩৭টি ইউনিট মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সাত ঘণ্টার পর রাত ৯টা ১৮ মিনিটে আগুন আংশিক নিয়ন্ত্রণে আসে এবং প্রায় সাড়ে ২৬ ঘণ্টা পর সম্পূর্ণভাবে নির্বাপিত করা হয়।

মতামত দিন