ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের রেকর্ড মূল্য, আজ থেকে কার্যকর নতুন দাম।

দেশের স্বর্ণবাজারে আবারও রেকর্ড দামে পৌঁছেছে স্বর্ণ। এক দিনে প্রতি ভরিতে ৫ হাজার ৩৪২ টাকা বৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

মঙ্গলবার (২২ এপ্রিল) বাজুসের মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এই মূল্য ঘোষণা করা হয়। আজ বুধবার (২৩ এপ্রিল) থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম এখন ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকা, যা আগের দাম থেকে উল্লেখযোগ্য পরিমাণে বেশি। এর আগে একই মানের স্বর্ণের দাম ছিল ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা। অর্থাৎ এক লাফে দাম বেড়েছে ৫ হাজার টাকারও বেশি।

বাজুস জানিয়েছে, এই নতুন বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন এবং মানভেদ অনুযায়ী মজুরিতে তারতম্য হতে পারে বলেও জানানো হয়েছে।

নতুন দর অনুযায়ী দেশের বাজারে ২২ ক্যারেট মানের প্রতি ভরি স্বর্ণের দাম এখন ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকা। ২১ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৯ হাজার ৮০৫ টাকা, আর ১৮ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ভরি প্রতি ১ লাখ ৪৫ হাজার ৫৪৩ টাকায়। সনাতন পদ্ধতিতে তৈরি স্বর্ণের ভরির দাম নির্ধারিত হয়েছে ১ লাখ ২০ হাজার ৫১২ টাকা।

এর আগে ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা। ২১ ক্যারেট বিক্রি হচ্ছিল ১ লাখ ৬৪ হাজার ৬৯৬ টাকায়, আর ১৮ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৪১ হাজার ১৬৯ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছিল ১ লাখ ১৬ হাজার ৭৮০ টাকায়।

স্বর্ণের দামে এই রেকর্ড পরিমাণ বৃদ্ধির পরও রুপার দর অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার দাম ভরি প্রতি ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রস্তুত রুপার দাম নির্ধারিত রয়েছে ১ হাজার ৫৮৬ টাকা।

বাজুসের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বর্তমানে ঊর্ধ্বমুখী। ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতির পরিবর্তনের কারণে বিশ্ববাজারে স্বর্ণের চাহিদা ও মূল্য দুটোই বেড়েছে। তারই সরাসরি প্রভাব পড়েছে দেশের বাজারে।

মতামত দিন