ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

বাংলাদেশে আরও ৫টি তৈরি পোশাক কারখানা পেল ‘সবুজ কারখানা’ সনদ।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশের তৈরি পোশাক খাতে পরিবেশবান্ধব উদ্যোগ আরও শক্তিশালী হচ্ছে। সম্প্রতি আরও পাঁচটি পোশাক কারখানাকে ‘সবুজ কারখানা’ হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি)।

এই নতুন স্বীকৃতির ফলে দেশের সবুজ কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৮টিতে।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) জানিয়েছে, এখন পর্যন্ত পোশাক ও বস্ত্র খাতের মোট ২৬৮টি কারখানা লিড (LEED) সনদ পেয়েছে। এর মধ্যে লিড প্লাটিনাম ১১৪টি, লিড গোল্ড ১৩৫টি, লিড সিলভার ১৫টি এবং লিড সার্টিফায়েড ৪টি।

নতুন সনদপ্রাপ্ত কারখানাগুলো হলো—সাভারের পাকিজা নিট কম্পোজিট লিমিটেড, ঢাকার ফ্যাশন পালস লিমিটেড, ঢাকার গাভা প্রাইভেট লিমিটেড, চট্টগ্রামের ভিজ্যুয়াল নিটওয়্যারস লিমিটেড এবং চট্টগ্রামের ট্যালিসম্যান পারফরম্যান্স লিমিটেড। এর মধ্যে পাকিজা নিট কম্পোজিট, ফ্যাশন পালস এবং গাভা প্রাইভেট সমান ৮৭ পয়েন্ট অর্জন করে প্লাটিনাম সনদ পেয়েছে। ভিজ্যুয়াল নিটওয়্যারস ৭৬ পয়েন্ট এবং ট্যালিসম্যান পারফরম্যান্স ৬২ পয়েন্ট অর্জন করে গোল্ড সনদ পেয়েছে।

লিড (LEED) হলো লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন। এই সনদ পেতে হলে একটি প্রকল্পকে ইউএসজিবিসির তত্ত্বাবধানে পরিকল্পনা, নির্মাণ এবং উৎপাদন প্রক্রিয়ার প্রতিটি ধাপে পরিবেশবান্ধব মান বজায় রাখতে হয়। সনদের জন্য মোট ১১০ পয়েন্ট নির্ধারণ করা আছে, যার মধ্যে ৮০ পয়েন্টের ওপরে হলে লিড প্লাটিনাম, ৬০-৭৯ পয়েন্ট হলে লিড গোল্ড, ৫০-৫৯ পয়েন্ট হলে লিড সিলভার এবং ৪০-৪৯ পয়েন্ট হলে লিড সার্টিফায়েড সনদ পাওয়া যায়।

বিজিএমইএ-এর পক্ষ থেকে বলা হয়েছে, এই ধরনের স্বীকৃতি দেশের তৈরি পোশাক খাতকে আরও টেকসই ও পরিবেশবান্ধব করতে সহায়ক। ভবিষ্যতে আরও অনেক কারখানা এই উদ্যোগে অংশ নিতে আগ্রহী বলে ধারণা করা হচ্ছে।

মতামত দিন