ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

রাজধানীতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ‘২০তম জাতীয় ফার্নিচার মেলা-২০২৫’।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে পাঁচ দিনব্যাপী ‘২০তম জাতীয় ফার্নিচার মেলা-২০২৫’ শুরু হয়েছে। ‘আমার দেশ, আমার আশা—দেশীয় ফার্নিচারে সাজাবো বাসা’ স্লোগানে আয়োজিত এই মেলা দেশের ফার্নিচার শিল্পের সবচেয়ে বড় আয়োজন।

মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, প্রয়োজনীয় উদ্ভাবন বাড়ানো না হলে ফার্নিচারের ফাংশনাল ও নান্দনিক মান ঠিক রাখা সম্ভব নয়। সরকার নীতিগতভাবে সব আধুনিক ব্যবস্থা গ্রহণ করছে; তবে ব্যবসায়ীদের উদ্ভাবন বাড়াতে হবে।

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ বলেন, রফতানি আয় বাড়াতে বহুমুখীকরণ অপরিহার্য। ফার্নিচার শিল্প কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সৃজনশীলতা, ডিজাইন ও মান বজায় রেখে বিশ্ববাজারে অবস্থান মজবুত করতে হবে।

বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম আখতারুজ্জামান বলেন, ভিয়েতনাম ও চীনের সঙ্গে প্রতিযোগিতা করতে ভর্তুকি প্রয়োজন ছিল, যা এখন আমরা পাচ্ছি। আশা করা যায় আগামী পাঁচ বছরে রফতানি বৃদ্ধি পাবে এবং দেশের ফার্নিচার শিল্প শীর্ষে থাকবে।

মেলায় মোট ৪৮টি শীর্ষস্থানীয় ফার্নিচার কোম্পানি অংশ নিচ্ছে। কনভেনশন সেন্টারের গুলনকশা (হল-১), পুষ্পগুচ্ছ (হল-১) এবং রাজদর্শন (হল-৩) হলে পাঁচ দিন ধরে চলবে প্রদর্শনী। অংশগ্রহণকারীরা ২৭৮টি স্টলে সর্বাধুনিক নকশা ও পণ্য প্রদর্শন করবেন। উল্লেখযোগ্য ব্র্যান্ডের মধ্যে রয়েছে আখতার, হাতিল, ব্রাদার্স, নাদিয়া, আয়ত, ওমেগা, জেএমজি, নাভানা, অ্যাথেনাস্, পারটেক্স, রিগাল ও লেগাসি। মেলার সার্বিক ব্যবস্থাপনা করছে ডিজাইন অ্যান্ড টেকনোলজি সেন্টার, পার্টনার হিসেবে আছে অ্যাকসেস ইনফোটেক।

মতামত দিন