১ লাখ ৩০ হাজার টন সার কিনবে সরকার ব্যায় ৬৮২ কোটি ১৭ লাখের বেশি।
সরকার রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে কানাডা ও মরক্কো থেকে এবং উন্মুক্ত পদ্ধতিতে সৌদি আরব ও কাফকো থেকে এক লাখ ৩০ হাজার টন সার কিনবে। এতে মোট ব্যয় হবে ৬৮২ কোটি ১৭ লাখ ৩৩ হাজার ৭২০ টাকা।
বৈঠক সূত্রে জানা গেছে, সরকার ৭০ হাজার টন এমওপি এবং ৬০ হাজার টন ইউরিয়া সার আমদানির অনুমতি দিয়েছে। কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন (সিসিসি) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির ৯ম লটের ৪০ হাজার টন এমওপি সার আমদানিতে ব্যয় হবে ১৭৪ কোটি ৪২ লাখ টাকা। প্রতি টন সারের দাম পড়বে ৩৫৬.২৫ মার্কিন ডলার।
এছাড়া মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস ও বিএডিসির মধ্যে স্বাক্ষরিত চুক্তির ৮ম লটের ৩০ হাজার টন এমওপি সার আমদানিতে ব্যয় হবে ২০৮ কোটি ৮১ লাখ ৫৬ হাজার ২৪০ টাকা। প্রতি টন সারের দাম পড়বে ৫৬৮.৬৭ মার্কিন ডলার।
শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে সৌদি আরবের সাবিক কৃষি-পুষ্টি কোম্পানি থেকে ৪র্থ লটের ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানিতে ব্যয় হবে ১৫৫ কোটি ৪৫ লাখ ৪৩ হাজার ৪৮০ টাকা। প্রতি টন সারের দাম পড়বে ৪২২.৬৬ মার্কিন ডলার।
একইভাবে, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৬ষ্ঠ লটে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির ব্যয় নির্ধারিত হয়েছে ১৪৩ কোটি ৪৮ লাখ ৩৪ হাজার টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৩৯০.৭৫ মার্কিন ডলার।

মতামত দিন