ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

এক দিনের ব্যবধানে হিলিতে কমেছে দেশি পেঁয়াজের দাম।

দিনাজপুরের হিলি বাজারে এক দিনের ব্যবধানে কমেছে দেশি পেঁয়াজের দাম। মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে বাজার ঘুরে দেখা যায়, ভালো মানের দেশি পেঁয়াজ কেজি প্রতি ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে, যেখানে আগের দিন দাম ছিল ৫৫ টাকা।

একটু খারাপ মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়।

খুচরা ব্যবসায়ীরা বলছেন, মোকামে দাম কমার প্রভাবেই খুচরা বাজারে দাম কিছুটা কমেছে। সেই সঙ্গে ক্রেতা সংকটের কারণেও বিক্রির চাপ কম, ফলে দাম নিম্নমুখী।

বাজারে আসা ক্রেতারা বলছেন, এখন পেঁয়াজের মৌসুম চলছে। অথচ কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিচ্ছে। প্রশাসনের নজরদারি থাকলে বাজার এমন হতো না। বাজারে প্রতিদিনই দাম উঠানামা করছে, যা সাধারণ মানুষের ভোগান্তি বাড়াচ্ছে।

অন্যদিকে হঠাৎ করেই দেশি রসুনের দাম বেড়েছে। এক দিনের ব্যবধানে কেজি প্রতি রসুনের দাম বেড়েছে ৫০ থেকে ৬০ টাকা পর্যন্ত। সাধারণ ক্রেতাদের অভিযোগ, উপজেলা প্রশাসন নিয়মিত বাজার মনিটরিং না করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

পেঁয়াজ বিক্রেতা রায়হান কবির বলেন, “মোকামে এখন পেঁয়াজের প্রচুর মজুত। তাই সেখানেই দাম কমেছে। আগের মতো এখন আর ক্রেতা নেই, বিক্রি কম হচ্ছে। মোকামে বস্তাপ্রতি ২০০ টাকা পর্যন্ত কমে গেছে। আমরাও সেই অনুযায়ী কম দামে বিক্রি করছি।”

তিনি আরও জানান, বর্তমানে বাজারে ভালো মানের দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৫০ টাকা দরে, আর একটু খারাপ মানেরটা পাওয়া যাচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়।

মতামত দিন