২ লাখ ২০ হাজার টন গম এবং ৫০ হাজার টন চাল কিনবে সরকার।
মঙ্গলবার (৭ অক্টোবর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের চলতি বছরের ৪০তম সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, খাদ্য অধিদপ্তর সরকার-টু-সরকার (জিটুজি) পদ্ধতিতে যুক্তরাষ্ট্রের অ্যাগ্রোক্রপ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড থেকে ২ লাখ ২০ হাজার টন গম আমদানি করবে। এর মোট ব্যয় ধরা হয়েছে ৮২৫ কোটি ৩১ লাখ ৬৮ হাজার টাকা, অর্থাৎ প্রতি টনের দাম পড়বে ৩০৮ মার্কিন ডলার।
অন্যদিকে খাদ্য মন্ত্রণালয়ের আরেক প্রস্তাব অনুসারে, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারতের এম.এস. বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড থেকে ৫০ হাজার টন বাসমতি সিদ্ধ চাল ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এর ব্যয় নির্ধারণ করা হয়েছে ২১৯ কোটি ৯ লাখ ৯৯ হাজার টাকা।
এ ছাড়া স্থানীয় সরকার বিভাগের প্রস্তাব অনুযায়ী, ক্রয় কমিটি ঢাকা ওয়াসার ‘ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’-এর আওতায় আসিবি-০১.১৩ প্যাকেজের ভেরিয়েশন প্রস্তাবও অনুমোদন দিয়েছে। মূল চুক্তিমূল্য ছিল ৩৪ কোটি ৯৫ লাখ ৯১ হাজার টাকা; নতুন করে ১২ কোটি ৮ লাখ ৮০ হাজার টাকা যোগ হওয়ায় সংশোধিত মোট চুক্তিমূল্য দাঁড়িয়েছে ৪৭ কোটি ৪ লাখ ৭১ হাজার টাকা। কাজটি সম্পন্ন করবে বাংলাদেশের আরএফএল প্লাস্টিক লিমিটেড।
এছাড়া বিদ্যুৎ বিভাগের দুটি প্রকল্প এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একটি প্রকল্পের প্রস্তাবও সভায় অনুমোদন দেওয়া হয়েছে।
মতামত দিন