বাংলাদেশ বিমান বাহিনী ২০টি চীনা জে-১০ সিই মাল্টিরোল যুদ্ধবিমান কিনছে।
বাংলাদেশ সরকার বিমান বাহিনীর আধুনিকীকরণ ও জাতীয় আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে বড় উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে চীনের তৈরি ২০টি জে-১০ সিই মাল্টিরোল যুদ্ধবিমান কেনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
সরকারি নথি অনুযায়ী, যুদ্ধবিমান কেনা, প্রশিক্ষণ, যন্ত্রাংশ ও অন্যান্য আনুষঙ্গিক খরচ মিলিয়ে প্রকল্পটি ২০২৭ সালের মধ্যে বাস্তবায়িত হবে। অর্থ পরিশোধ হবে ১০ বছরের কিস্তিতে, যা চলবে ২০৩৫-৩৬ অর্থবছর পর্যন্ত।
জে-১০ সিই হচ্ছে চীনের জে-১০সি জেটের রপ্তানি সংস্করণ। এটি আকাশে থেকে আকাশ ও আকাশ থেকে স্থল—উভয় ধরনের যুদ্ধের জন্য সমান কার্যকর। বিশেষজ্ঞরা মনে করছেন, জে-১০ সিই যোগ হওয়ার মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী নতুন প্রযুক্তি, উন্নত প্রশিক্ষণ সুবিধা এবং আকাশ প্রতিরক্ষা সক্ষমতায় নতুন দিগন্তে পৌঁছাবে।
চুক্তি জিটুজি (গভর্নমেন্ট-টু-গভর্নমেন্ট) পদ্ধতিতে চীনের সঙ্গে সরাসরি হবে। এজন্য ১১ সদস্যের একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন বিমানবাহিনীর প্রধান। কমিটি খসড়া চুক্তিপত্র যাচাই, ক্রয়পদ্ধতির উপযোগিতা, মূল্য নির্ধারণ ও পরিশোধের শর্ত চূড়ান্ত করবে। এছাড়া সংরক্ষণ, প্রশিক্ষণ, খুচরা যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ সুবিধার বিষয়ও আলোচনা করবে।
বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীতে মোট ২১২টি এয়ারক্রাফট রয়েছে, যার মধ্যে ৪৪টি ফাইটার জেট। অধিকাংশই চীনের এফ-৭ মডেল। এছাড়া মিগ-২৯বি জেট, ইয়াক-১৩০ লাইট অ্যাটাক ট্রেইনার এবং পরিবহন কাজে ব্যবহৃত সি-১৩০জে রয়েছে। হেলিকপ্টার ইউনিটে রয়েছে এমআই-১৭ ও এমআই-১৭১ হেলিকপ্টার।
বিশ্লেষকদের মতে, জে-১০ সিই সংযোজনের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী আকাশ প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সক্ষমতায় নতুন পর্যায়ে পৌঁছাবে।

মতামত দিন