উচ্চ মূল্যের ফ্যাশনেবল পোশাকের ঘাটতি ও ভিসা জটিলতায় অস্ট্রেলিয়ায় রফতানি বাড়ছে না বাংলাদেশ।
বাংলাদেশের তৈরি পোশাক শিল্প অস্ট্রেলিয়ার বাজারে যথাযথভাবে প্রভাব ফেলতে পারছে না। প্রধান কারণ হলো উচ্চমূল্যের ফ্যাশনেবল পোশাক উৎপাদনে দেশের পিছিয়ে থাকা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের জন্য জটিল ভিসা প্রক্রিয়া।
সিডনিতে সম্প্রতি অনুষ্ঠিত দুইদিনব্যাপী ট্রেড শোতে বাংলাদেশের তৈরি পোশাক নিয়ে আলোচনা করেন প্যানেলিস্টরা। জানা গেছে, অস্ট্রেলিয়ায় মোট তৈরি পোশাকের বাজার প্রায় ২২ বিলিয়ন ডলার, যেখানে বাংলাদেশের রফতানি এক বিলিয়ন ডলারেরও কম।
স্পায়রো গ্রুপের চেয়ারম্যান সোভোন ইসলাম উল্লেখ করেন, “অস্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশের পণ্যের সুযোগ রয়েছে। পরিবেশবান্ধব পোশাক শিল্প গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি।” এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান মুসফিকুর রহমান যোগ করেন, “কেবল তৈরি পোশাক নয়, যদি ভিসা প্রক্রিয়া সহজ করা যায়, তবে রফতানি আরও বাড়ানো সম্ভব।”
আয়োজিত সেমিনারে অস্ট্রেলিয়ার বাণিজ্য বিষয়ক স্যাডো মিনিস্টার মার্ক কোর বাংলাদেশি ব্যবসার সম্প্রসারণে সহযোগিতার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে বাংলাদেশের অস্ট্রেলিয়া হাইকমিশনের বাণিজ্য প্রতিনিধি বেন কারসনও সাপোর্ট জানান।
বাংলাদেশ বিজনেস ফোরামের উদ্যোগে দুইদিনব্যাপী বিজনেস এক্সপোতে শুধু পণ্য প্রদর্শনী নয়, বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার বাণিজ্য সম্পর্কিত পাঁচটি সেমিনারও অনুষ্ঠিত হয়েছে।
মতামত দিন