চট্টগ্রাম বন্দরে বর্ধিত ট্যারিফ কার্যকর হবে ১৫ অক্টোবর থেকে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, তালিকাভুক্ত সব শিপিং এজেন্টকে তপশিলি ব্যাংকে তাদের হিসাব নম্বরে যথাযথ পরিমাণ অর্থের সংস্থান রেখে আসা জাহাজের ছাড়পত্র (এনওসি) নিতে বলা হয়েছে।
এর আগে, ১৫ সেপ্টেম্বর সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২৩টি খাতে সর্বোচ্চ ৪১ শতাংশ পর্যন্ত মাশুল বৃদ্ধি ঘোষণা করেছিল। এটি বিভিন্ন খাতে বন্দর ব্যবহারের খরচ বৃদ্ধির মাধ্যমে রপ্তানিমুখী শিল্পে প্রভাব ফেলতে পারে বলে ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেছিলেন।
২০ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরে অনুষ্ঠিত এক কর্মশালায় নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম. সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। এই সময় বন্দর ব্যবহারকারীরা বর্ধিত ট্যারিফ নিয়ে আপত্তি জানান। এরপর উপদেষ্টা এক মাসের জন্য নতুন মাশুল আদায় স্থগিত রাখার সিদ্ধান্ত দেন।
চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক জানান, “উপদেষ্টার নির্দেশে এক মাস স্থগিত রাখার পর এবার ১৪ অক্টোবর রাত ১২টা থেকে বর্ধিত হারে মাশুল আদায় কার্যকর হবে। ১৫ সেপ্টেম্বর জারি হওয়া আদেশ অনুযায়ী এটি বাস্তবায়ন করা হচ্ছে।”
মতামত দিন