সিডনিতে শুরু হলো অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপো ২০২৫।
এই প্রদর্শনী আয়োজন করেছে অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম। উদ্বোধনী অনুষ্ঠানে ফোরামের সভাপতি আব্দুল খান রতনসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পরে প্রিমিয়ার ক্রিস মিন্স স্টল পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় মূল কার্যক্রম।
প্রিমিয়ার তার বক্তব্যে বলেন, বাংলাদেশের বাজার যেমন জনবহুল ও সম্ভাবনাময়, তেমনি অস্ট্রেলিয়ার বাজারেও নতুন সুযোগ তৈরি হচ্ছে। তাই দ্বিপাক্ষিক বাণিজ্যিক উদ্যোগ দুই দেশের জন্যই সমৃদ্ধি বয়ে আনতে পারে।
এক্সপোর প্রথম দিনেই দুটি গুরুত্বপূর্ণ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। দুপুরে ‘Threads of Opportunity: Strengthening Australia–Bangladesh Partnerships in Garments & Textiles’ শীর্ষক সেশনে বক্তব্য রাখেন নিউ সাউথ ওয়েলসের শ্যাডো মন্ত্রী মার্ক কুরে, স্প্যারো গ্রুপ চেয়ারম্যান শোভন ইসলাম, এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান মুশফিকুর রহমান ও উদ্যোক্তা বেন কারসন।
বিকেলে অনুষ্ঠিত হয় ‘Agri-Innovation & Technology Transfer: Driving Productivity and Food Security’ শীর্ষক আলোচনা। এতে অংশ নেন শ্যাডো মন্ত্রী অ্যালেক্স হক, অস্ট্রেলিয়ান কটন শিপার্স অ্যাসোসিয়েশনের সিইও জুলস উইলিস এবং পিআরএন গ্রুপের নির্বাহী পরিচালক রাশেদুল হাসান।
প্রদর্শনীতে অংশ নিতে মঙ্গলবারই বাংলাদেশি ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল সিডনিতে পৌঁছেছে। আয়োজকদের আশা, এই এক্সপো দুই দেশের উদ্যোক্তাদের সরাসরি সংযোগ ঘটাবে, নতুন বিনিয়োগের সুযোগ তৈরি করবে এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরও মজবুত করবে।

মতামত দিন