ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

আখাউড়া বন্দরে ত্রিপুরা থেকে এলো ৫০ টন চাল।

নিজেস্ব প্রতিবেদক:

দীর্ঘ সময়ের বিরতির পর ভারতের ত্রিপুরা রাজ্য থেকে বাংলাদেশে সেদ্ধ চাল আসা শুরু হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে আখাউড়া স্থলবন্দর দিয়ে দুটি ট্রাকে মোট ৫০ টন চাল দেশে প্রবেশ করে।

আখাউড়া বন্দরের তথ্য অনুযায়ী, চট্টগ্রামের মক্কা ট্রেডার্স প্রতিষ্ঠানটি এই চাল আমদানি করেছে। প্রতিটি টনের দাম ধার্য করা হয়েছে ৫০০ মার্কিন ডলার। রপ্তানিকাজ পরিচালনা করেছে ত্রিপুরার আগরতলার জগন্নাথ ট্রেডিং

বর্তমানে চালগুলো বন্দরে রাখা আছে। প্রয়োজনীয় যাচাই-বাছাই এবং শুল্ক পরিশোধের পর কাস্টমস কর্তৃপক্ষ দ্রুত ছাড়পত্র জারি করবে। এরপর এগুলো চট্টগ্রামের বাজারে পাঠানো হবে।

আখাউড়া বন্দরে কাস্টমস ক্লিয়ারিংয়ের দায়িত্বে থাকা মেসার্স আদনান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আকতার হোসেন বলেন, “মক্কা ট্রেডার্স চাল আমদানির জন্য এলসি খোলার ব্যবস্থা করেছে। আশা করছি, এই বন্দরের মাধ্যমে আমদানি-রফতানি বৃদ্ধি পেলে ব্যবসায়ী ও সরকারি খাত উভয়েই সুবিধা পাবেন।”

অন্যদিকে, আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান জানান, “শনিবার বিকেল ৪:৩০ টায় ট্রাক দুটি বন্দরে পৌঁছেছে। শুল্ক প্রক্রিয়া শেষ হলে দ্রুত চালের ছাড়পত্র প্রদান করা হবে।”

মতামত দিন