আখাউড়া স্থলবন্দর দিয়ে সমস্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বুধবার (১৭ সেপ্টেম্বর) সমস্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। দেশের পাশাপাশি ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা বন্দরের ব্যবসায়ীরা আগেই চিঠির মাধ্যমে বাংলাদেশী ব্যবসায়ীদের এই ছুটির বিষয়ে অবহিত করেছিলেন।
আখাউড়া স্থলবন্দর সি অ্যান্ড এফ ব্যবসায়ী মো. রাজীব ভূঁইয়া এবং মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, বাণিজ্য কার্যক্রম আগামীকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে পুনরায় শুরু হবে।
যাত্রী পারাপারে কোনো প্রভাব পড়েনি। আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী সাধারণ নিয়ম অনুযায়ী পারাপার করতে পারছেন।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ইনচার্জ আব্দুস সাত্তার বলেন, সকাল থেকেই দুই দেশের মধ্যে যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়াও কাস্টমসের অফিসিয়াল কার্যক্রমও চলমান আছে।

মতামত দিন