ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

দেশের জ্বালানি নিরাপত্তার জন্য সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানি অনুমোদন।

নিজেস্ব প্রতিবেদক:

সরকার দেশীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সিঙ্গাপুর থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনতে অনুমোদন দিয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৪৯৯ কোটি ১৬ লাখ ৭৫ হাজার ৬৭৩ টাকা ৬০ পয়সা।

প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১১.৮৮ মার্কিন ডলার।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ সভাপতিত্ব করেন। বৈঠকের সিদ্ধান্তে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে ১ কার্গো এলএনজি (২৫-২৬ নভেম্বর ২০২৫-এর সময়ের জন্য ৪৭তম) ক্রয়ের অনুমোদন দেওয়া হয়।

এই এলএনজি আমদানির প্রস্তাব জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পরামর্শের ভিত্তিতে অনুমোদন পেয়েছে। সিঙ্গাপুরের মেসার্স আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটই লিমিটেড থেকে এই এলএনজি আমদানিতে ব্যয় ধরা হয়েছে।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা জানান, সাবেক রাষ্ট্রদূত পিটার হাস যুক্তরাষ্ট্রভিত্তিক এক্সিলারেট এনার্জি কোম্পানি থেকে এলএনজি কেনা হচ্ছে। কোনো ব্যক্তিকে বিবেচনায় রাখা হয়নি, বরং দেশের চাহিদা বিষয়টি প্রাধান্য পেয়েছে।

তিনি আরও বলেন, বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে অতিরিক্ত দামে গম আমদানির পরও ভোক্তা পর্যায়ে কোনো প্রভাব পড়বে না। এছাড়া সার আমদানিতে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় খতিয়ে দেখবে।

অর্থ উপদেষ্টা উল্লেখ করেন, কর্মসংস্থান বাড়াতে সরকার নতুন উদ্যোগ গ্রহণ করছে।

মতামত দিন