ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি তৈরি পোশাক রফতানি বেড়েছে।

নিজেস্ব প্রতিবেদক:

নানা জটিলতা এবং নতুন শুল্ক নির্ধারণের পরও মার্কিন বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি গত সাত মাসে ২১.৬৬ শতাংশ বেড়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত এই সময়ে দেশটি প্রায় ৫ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রফতানি করেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (ওটেক্সা) জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে ৪.৯৮ বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক আমদানি করেছে। একক মাস হিসেবে জুলাইয়ে প্রবৃদ্ধি হয়েছে ৪.৯৭ শতাংশ, যার পরিমাণ ৭৩০ মিলিয়ন ডলার।

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সহ-সভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী বলেন, চীনের ওপর মার্কিন শুল্ক বাংলাদেশের জন্য বড় সুযোগ তৈরি করেছে। সুযোগটি কাজে লাগালে রফতানি আরও বাড়তে পারে।

অন্যদিকে, প্রতিযোগিতায় বাংলাদেশকে ছাড়িয়ে গেছে ভিয়েতনাম। দেশটি ৯.৫৯ বিলিয়ন ডলারের পোশাক রফতানি করেছে, যা বাংলাদেশের দ্বিগুণ। তবে বাংলাদেশে প্রবৃদ্ধির হার বেশি—২১.৬৬ শতাংশ, যেখানে ভিয়েতনামের প্রবৃদ্ধি ১৬.৯৪ শতাংশ। শুল্ক জটিলতার কারণে চীনের রফতানি কমেছে ২১ শতাংশ। ভারতের অবস্থানও বাংলাদেশের পেছনে।

বিশেষ করে কম মূল্যের পণ্য যেমন টি-শার্ট, পলো, জগার ও স্লিপারের রফতানি বাড়িয়ে মার্কিন বাজার ধরে রেখেছে বাংলাদেশ। বিজিএমইএর পরিচালক রাকিবুল আলম চৌধুরী বলেন, “এই পণ্যগুলোতে আমাদের দীর্ঘদিন ধরে বাজার রয়েছে, তাই টিকে থাকা সম্ভব হচ্ছে।”

বাংলাদেশের তৈরি পোশাক রফতানির সবচেয়ে বড় একক বাজার যুক্তরাষ্ট্র। বছরে এই বাজারে রফতানি  হয় প্রায় ৮–৯ বিলিয়ন ডলার। ২০২৪-২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্রে রফতানি হয়েছে ৭.৫৪ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের ৬.৬৩ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.৭৯ শতাংশ বেশি।

তবে মার্কিন বাজারেই জটিলতা সবচেয়ে বেশি। ওটেক্সার তথ্য অনুযায়ী, সেখানে বাংলাদেশি পোশাকের দাম বেড়েছে ১.১১ শতাংশ। শুল্ক ও প্রশাসনিক জটিলতাও রয়ে গেছে। ব্যবসায়ী নেতাদের মতে, এগুলো দ্রুত সমাধান করা গেলে রফতানি আয় আরও বাড়বে এবং পুরো খাতকে ঘুরে দাঁড়াতে সহায়তা করবে।

ইন্টারন্যাশনাল বিজনেস ফোরামের চেয়ারম্যান এস এম আবু তৈয়ব বলেন, “সরকার ও বিজিএমইএকে  তৈরি পোশাক মালিকদের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে হবে। এনবিআর, বন্দর ও প্রণোদনা সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করতে একটি সমন্বয় সেল গঠন করা উচিত।”

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে মোট তৈরি পোশাক রফতানি হয়েছে ৩৯.৩৪ বিলিয়ন ডলার, যেখানে ২০২৩-২৪ অর্থবছরে ছিল ৩৬.১৫ বিলিয়ন ডলার।

মতামত দিন