ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় পর্যায়ে সার ও ফসফরিক অ্যাসিড আমদানিতে অনুমোদন।

নিজেস্ব প্রতিবেদক:

সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক বৈঠকে রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির মাধ্যমে এক লাখ ৪০ হাজার মেট্রিক টন সার এবং ১০ হাজার মেট্রিক টন ফসফরিক অ্যাসিড আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪০ কোটি ৩৪ লাখ ৪৯ হাজার ৮১০ টাকা।

বৈঠকটি সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়, সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বৈঠক সূত্রে জানা যায়, কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের আলোকে মরক্কো থেকে ৩০ হাজার টন টিএসপি সার আমদানির অনুমোদন দেয়া হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন ও মরক্কোর ওসিপি নিউট্রিক্রপসের মধ্যে হওয়া রাষ্ট্রীয় চুক্তির আওতায় সারটি কেনা হবে। এর ব্যয় হবে ২১২ কোটি ৯৫ লাখ ৬২ হাজার টাকা, প্রতি মেট্রিক টনের দাম ৫৭৯ মার্কিন ডলার।

এছাড়া কানাডা থেকে ৪০ হাজার টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার আমদানি করার অনুমোদন দেয়া হয়েছে। কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকে এই সার আনা হবে, ব্যয় ধরা হয়েছে ১৭৭ কোটি ৩ লাখ ৪৪ হাজার টাকা। প্রতি মেট্রিক টনের দাম ৩৬১ মার্কিন ডলার।

আরেকটি প্রস্তাবের ভিত্তিতে মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানি করার অনুমোদন দেয়া হয়েছে। মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস সরবরাহ করবে, মোট ব্যয় হবে ৩৮১ কোটি ৬৯ লাখ ৩০ হাজার ৩২০ টাকা। প্রতি মেট্রিক টনের দাম পড়ছে ৭৭৮.৩৩ মার্কিন ডলার।

শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার অনুমোদন দেয়া হয়েছে। এর জন্য ব্যয় হবে ১৬৬ কোটি ৪৭ লাখ ৫৪ হাজার ৭৫০ টাকা, প্রতি মেট্রিক টনের দাম ৪৫২.৬২৫ মার্কিন ডলার।

একইভাবে, চট্টগ্রামের টিএসপিসিএলের জন্য ১০ হাজার টন ফসফরিক অ্যাসিড আমদানি করা হবে। চীনের গুয়ানজি পেনগুই ইকো-টেকনোলজি, চায়না সরবরাহ করবে। এতে মোট খরচ হবে ১০২ কোটি ১৮ লাখ ৫৮ হাজার ৭৪০ টাকা, প্রতি টনের দাম ৭৯৩.৮০ মার্কিন ডলার।

মতামত দিন