ভারতে দুর্গাপূজা উপলক্ষে ১,২০০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমোদন।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ মাছ রফতানির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এ বছরের জন্য নির্ধারিত পরিমাণ ১,২০০ মেট্রিক টন, যা শর্তসাপেক্ষে রফতানির জন্য অনুমোদিত হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি-২ শাখার উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী রফতানিকারকদের আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে অফিস সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর ও ভ্যাট সার্টিফিকেট, বিক্রয় চুক্তিপত্র এবং মৎস্য অধিদফতরের লাইসেন্স সংযুক্ত করতে হবে। প্রতি কেজি ইলিশের ন্যূনতম রফতানি মূল্য নির্ধারণ করা হয়েছে ১২.৫ মার্কিন ডলার।
বাণিজ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, আগেই যারা আবেদন জমা দিয়েছেন, তাদেরকেও পুনরায় আবেদন দাখিল করতে হবে।
গত বছরের তুলনায় এবার রফতানি অনুমোদন কমানো হয়েছে। ২০২২ সালে দুর্গাপূজা উপলক্ষে প্রথমে ৩,০০০ মেট্রিক টন অনুমোদন দেওয়া হয়েছিল, পরে তা ২,৪২০ মেট্রিক টনে সমন্বয় করা হয়।

মতামত দিন