ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

মহিপুরে বরফ সংকটে থমকে গেল ইলিশ আহরণ।

নিজেস্ব প্রতিবেদক:

পটুয়াখালীর মহিপুর মৎস্যবন্দরে ইলিশ সংরক্ষণে ব্যবহৃত বরফের ঘাটতি তীব্র আকার ধারণ করেছে। অতিরিক্ত চাহিদার কারণে প্রতিটি ক্যান বরফ এখন বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকায়, যেখানে আগে দাম ছিল ১৫০ টাকা।

এতে জেলেদের সাগরে যাওয়া থেকে শুরু করে আড়তে মাছ রাখা পর্যন্ত নানা সমস্যার সৃষ্টি হয়েছে।

ব্যবসায়ী ও জেলেদের ভাষ্য, গত সোমবার থেকেই বরফের উৎপাদন কমতে শুরু করে। এর ফলে ট্রলারগুলো সাগরে নামতে পারছে না। আড়তদারদের অভিযোগ, বিদ্যুতের ঘন ঘন বিভ্রাটও উৎপাদনে ব্যাঘাত ঘটাচ্ছে। মহিপুর ও আলীপুর এলাকায় প্রায় ৩০টি বরফকল থাকলেও বর্তমান চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম।

গত কয়েক দিনের খারাপ আবহাওয়ার কারণে হাজারের বেশি ট্রলার খাপড়াভাঙ্গার খালসহ আশপাশের  খালে আশ্রয় নিয়েছে। এতে বন্দরে মাছ নামার পর সংরক্ষণ ও দেশের বিভিন্ন অঞ্চলে পাঠাতে যে পরিমাণ বরফ প্রয়োজন, তা স্থানীয়ভাবে পাওয়া যাচ্ছে না। ফলে খুলনা, বরিশালসহ অন্য জেলা থেকে বেশি দামে বরফ কিনে আনতে হচ্ছে ব্যবসায়ীদের।

জেলেরা অভিযোগ করেছেন, বরফের অভাবে অনেকে ট্রলার নিয়ে সাগরে যেতে পারছেন না। ঘাটে এসে তাদের অপেক্ষায় থাকতে হচ্ছে।

আলীপুর-মহিপুর মৎস্য আড়তদার সমবায় সমিতির সাবেক সভাপতি ও মহিপুর ইউপি চেয়ারম্যান ফজলু গাজী জানান, শত শত ট্রলার হঠাৎ একসঙ্গে ঘাটে ভিড় করায় বরফের চাহিদা বেড়েছে। এই সুযোগে কিছু বিক্রেতা দাম বাড়িয়ে দিয়েছে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সহা বলেন, বরফ সংকটে জেলেদের সাগরে যাওয়া ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ বিভ্রাটও এর একটি কারণ হতে পারে। বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে।

অন্যদিকে, কুয়াকাটা পল্লী বিদ্যুতের ডিজিএম মো. সিফাতুল্লাহ জানান, বিদ্যুতের কারণে বরফ উৎপাদনে সমস্যার কথা কেউ তাদের জানায়নি।

মতামত দিন