চট্টগ্রাম কাস্টমসে ৫৮ লট পণ্য অনলাইন নিলামে।
চট্টগ্রাম কাস্টমস হাউস এবার ৫৮ লট পণ্য নিলামে তুলেছে। এ নিলামে চীনের তৈরি ১০ চাকা বিশিষ্ট পাঁচটি কংক্রিট মিক্সার গাড়ি রয়েছে।
নিলামে তোলা এসব পণ্য ২১ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত প্রদর্শনের সুযোগ রাখা হয়েছে, যাতে বিডাররা নিলামযোগ্য পণ্যের অবস্থা ও গুণগত মান যাচাই করতে পারেন।
চট্টগ্রাম কাস্টমস সূত্র জানায়, পাঁচটি কংক্রিট মিক্সার গাড়ি ২০২২ মডেলের হলেও ২০২৩ সালে আমদানি করা হয়েছে। প্রতিটি গাড়ির সংরক্ষিত দাম ধরা হয়েছে ৭৫ লাখ ৯১ হাজার ৪৯১ টাকা।
নিলামে রয়েছে আরও বিভিন্ন পণ্য—ক্যাপিটাল ইক্যুইপমেন্ট, থিনার, ফেব্রিক্স, ফিনিশিং এজেন্ট, অ্যালুমিনাস সিমেন্ট, এয়ার কন্ডিশনার পার্টস, পেট্রি ডিশ, চেস্ট ফ্রিজার বডি, সোয়েটার, রেফ্রিজারেটর পার্টস ও চিনিগুঁড়া সুগন্ধি চাল।
ক্যাপিটাল ইক্যুইপমেন্টের সংরক্ষিত দাম ২৫ কোটি ৯৮ লাখ ৯৬ হাজার ৪৯১ টাকা এবং থিনারের মূল্য ধরা হয়েছে ৭৯ লাখ ৫১ হাজার ২৬৫ টাকা।
চট্টগ্রাম কাস্টমসে নিলাম শাখার সহকারী কমিশনার মো. সাকিব হোসেন কালবেলাকে নিশ্চিত করেছেন, এসব পণ্য দীর্ঘদিন ধরে বন্দরে অখালাস অবস্থায় পড়ে রয়েছে। পচনশীল পণ্যগুলো প্রকাশ্য নিলামে বিক্রি করে ইয়ার্ড খালি করার চেষ্টা করা হচ্ছে। নিলামের এই আয়োজন নিয়মিতভাবে বন্দরের কনটেইনার রাখার জায়গা উন্মুক্ত রাখতে করা হয়।
মতামত দিন