ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

হোয়াটসঅ্যাপ গ্রুপভিত্তিক প্রতারণা নিয়ে বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই।

নিজেস্ব প্রতিবেদক:

শেয়ারবাজারে বিনিয়োগকারীদের লক্ষ্য করে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে চালানো প্রতারণামূলক কার্যক্রম সম্পর্কে সতর্ক করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), ব্রোকারেজ হাউসসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে।
পাশাপাশি ডিএসইর ওয়েবসাইটেও বিনিয়োগকারীদের সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে। গোয়েন্দা সংস্থাও এ নিয়ে কাজ করছে বলে জানানো হয়েছে।

ডিএসই জানিয়েছে, শেয়ার বা সিকিউরিটিজ কেনাবেচার বৈধ উপায় কেবল ডিএসই ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অনুমোদিত ব্রোকারেজ হাউস এবং ডিএসই মোবাইল অ্যাপ। এর বাইরে অন্য কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে লেনদেন সম্পূর্ণ অবৈধ। বিশেষ করে কোনো ব্যক্তি বা গ্রুপ যদি বেশি মুনাফার লোভ দেখায়, তবে তা নিছক প্রতারণা।

সংস্থার বিজ্ঞপ্তিতে বিনিয়োগকারীদের উদ্দেশে বলা হয়েছে—"পুঁজি আপনার, সিদ্ধান্তও আপনার। তাই অবৈধ গ্রুপ বা প্ল্যাটফর্মের ফাঁদে পড়ে সঞ্চিত অর্থ ঝুঁকিতে ফেলবেন না। সচেতন থাকুন, নিরাপদ ও আইনসিদ্ধ মাধ্যমে লেনদেন করুন।"

মতামত দিন