হংকং স্টক এক্সচেঞ্জ থেকে বাদ পড়ছে চীনের এভারগ্র্যান্ড।
চীনের রিয়েল এস্টেট খাতের একসময়ের সবচেয়ে প্রভাবশালী প্রতিষ্ঠান এভারগ্র্যান্ড এখন দেশটির সবচেয়ে ঋণভারাক্রান্ত কোম্পানিতে পরিণত হয়েছে। প্রায় ৫ হাজার ১০০ কোটি ডলারের বাজারমূল্য ধসে নেমে দাঁড়িয়েছে মাত্র ২৮ কোটি ২০ লাখ ডলারে।
১৯৯০–এর দশকে চীনের অর্থনীতির উত্থানে নির্মাণ ও আবাসন খাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে শুরু করে। ১৯৯৭ সালে এই খাতে বড় ভূমিকা নিয়ে আবির্ভূত হয় এভারগ্র্যান্ড। ২০০৯ সালে হংকং স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হওয়ার পর কোম্পানির শেয়ারের দাম দ্রুত বৃদ্ধি পায়; বাজারমূল্য ৯০০ কোটি ডলার থেকে বাড়তে বাড়তে ৫ হাজার ১০০ কোটি ডলার পর্যন্ত পৌঁছে যায়।
কিন্তু ঋণ–নির্ভর এই সম্প্রসারণই শেষ পর্যন্ত কোম্পানিটিকে ধসের মুখে ঠেলে দেয়। ২০২১ সালে এভারগ্র্যান্ড প্রথমবার ঋণ খেলাপি হয় এবং একই বছর যুক্তরাষ্ট্রে দেউলিয়া সুরক্ষার আবেদন করে। একসময়ের ৩১.৩৯ হংকং ডলারে বিক্রি হওয়া প্রতিটি শেয়ারের দাম সর্বশেষ নেমে দাঁড়ায় মাত্র ০.১৬ হংকং ডলারে।
২০২৪ সালের জানুয়ারিতে আদালত কোম্পানির বিরুদ্ধে লিকুইডেশনের নির্দেশ দেওয়ার পর শেয়ার লেনদেন বন্ধ হয়ে যায়। আর ২৫ আগস্ট থেকে এভারগ্র্যান্ডের নাম আনুষ্ঠানিকভাবে বাদ দেওয়া হচ্ছে হংকং স্টক এক্সচেঞ্জের তালিকা থেকে।
এক সময় চীনের জিডিপির প্রায় এক-চতুর্থাংশ জোগাতো আবাসন খাত। বিশ্লেষকদের মতে, এভারগ্র্যান্ডের এই পতন শুধু একটি প্রতিষ্ঠানের পরিসমাপ্তি নয়, বরং চীনের রিয়েল এস্টেট শিল্পের স্বর্ণযুগের অবসানের প্রতীক।

মতামত দিন