ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

ভোমরা বন্দরে ৩ দিনে ২ হাজার টন পেঁয়াজ আমদানি, কেজিতে ৫ টাকা কমলো দাম।

নিজেস্ব প্রতিবেদক:

প্রায় চার মাসের বিরতির পর আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গত তিন দিনে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে মোট দুই হাজার মেট্রিকটন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে।

এর প্রভাবে দেশীয় বাজারে পেঁয়াজের দাম প্রতি কেজিতে পাঁচ থেকে সাত টাকা কমেছে।

ভোমরা কাস্টমসের রাজস্ব কর্মকর্তা রাসেল আহমেদ জানান, চলতি বছরের ২৭ মার্চ থেকে বানিজ্য মন্ত্রণালয় আইপি না দেওয়ায় ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। ১৭ আগস্ট থেকে পুনরায় আমদানির অনুমতি পাওয়ায় গত তিন দিনে ৭৫টি ট্রাকে দুই হাজার ২৮৩ মেট্রিকটন পেঁয়াজ দেশে এসেছে। তিনি আশা করছেন, ধীরে ধীরে আমদানি আরও বাড়বে।

বাজারের দিকে তাকালে দেখা যায়, সাতক্ষীরা শহরের সুলতানপুর বাজারে দেশি পেঁয়াজ প্রতি কেজি এখন ৬৪ থেকে ৬৭ টাকায় বিক্রি হচ্ছে। তিন দিন আগে দাম ছিল ৭২ থেকে ৭৪ টাকা। খুচরা বাজারেও দাম কমেছে, আগে যেখানে ৭৮ থেকে ৮০ টাকা ছিল, এখন তা ৭০ থেকে ৭২ টাকায় নেমেছে। ভারতীয় পেঁয়াজ প্রতি কেজিতে বিক্রি হচ্ছে প্রায় ৬০ টাকায়।

সাতক্ষীরা কৃষি বিপণন কর্মকর্তা সালেহ মোহাম্মাদ আবদুল্লাহ বলেন, “আমদানি শুরু হতেই বাজারে প্রভাব পড়েছে। তবে দেশি পেঁয়াজ যদি ৬০ টাকার নিচে নেমে যায়, কৃষক ক্ষতিগ্রস্ত হবেন। তাই দাম পর্যবেক্ষণ করা জরুরি।” তিনি আরও জানান, ভোমরা বন্দর দিয়ে আমদানি হওয়া পেঁয়াজের সিংহভাগ ইতিমধ্যেই ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়েছে।

মতামত দিন