যুক্তরাজ্য থেকে তিন কার্গো এলএনজি আমদানির অনুমোদন।
মঙ্গলবার (১৯ আগস্ট) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা যায়, প্রথম কার্গো (৪২তম) ১৯-২০ অক্টোবর ২০২৫ সময়ের জন্য আমদানি করা হবে। এতে ব্যয় হবে প্রায় ৪৮১ কোটি টাকা এবং প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম দাঁড়াবে ১১.৪৪ মার্কিন ডলার।
দ্বিতীয় কার্গো (৪৩তম) ৬-৭ অক্টোবরের জন্য নির্ধারিত, যেখানে ব্যয় হবে প্রায় ৪৭৬ কোটি টাকা, প্রতি এমএমবিটিইউ দাম ১১.৩৪ মার্কিন ডলার।
তৃতীয় কার্গো (৪৪তম) ২৮-২৯ অক্টোবরের জন্য অনুমোদিত, ব্যয় প্রায় ৪৮৫ কোটি টাকা, প্রতি এমএমবিটিইউ দাম ১১.৫৪ মার্কিন ডলার।
এই সিদ্ধান্ত পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ অনুযায়ী আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়া অনুসরণ করে নেওয়া হয়েছে। সমস্ত কার্গোই যুক্তরাজ্যের মেসার্স টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে আমদানি করা হবে।

মতামত দিন