স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ পর্বে চ্যাম্পিয়ন রোবো লাইফ টেকনোলজি।
বিশ্বের সবচেয়ে বড় স্টার্টআপ প্রতিযোগিতা স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ ২০২৫-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছে রোবো লাইফ টেকনোলজি। দলটির সদস্যরা হলেন মোহাম্মদ মহিউদ্দিন সৌরভ, জয় বড়ুয়া লাভলু এবং আয়েশা সিদ্দিকা।
১৪ আগস্ট, বৃহস্পতিবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত এই আঞ্চলিক গ্র্যান্ড ফাইনালে দেশের সেরা ১৫টি স্টার্টআপ দল অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয় মাহামুদুর রহমান ও রওনাক জারিনের দল উইগ্রো, আর দ্বিতীয় রানার-আপ হয় হাসিবুল হক প্রত্যয়, নাইমুল আজাদ ও আবু জুনায়েদের দল রকেট ওয়েভ। শীর্ষ ১০ দল বিশেষ নেটওয়ার্কিং সেশনে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছে।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি’র চেয়ারম্যান মোমিনুল ইসলাম, ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ড. মো. সবুর খান, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. আর. কবির এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল।
প্রতিযোগিতার কান্ট্রি ডিরেক্টর ছিলেন ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ বিভাগের প্রধান মো. কামরুজ্জামান দিদার এবং প্রোগ্রাম ডিরেক্টর ছিলেন তরুণ উদ্যোক্তা ও লাইভ শপিং-এর সিইও মো. আশিক খান।
বিচারক প্যানেলে আন্তর্জাতিক পর্যায়ে ছিলেন পেগাসাস টেক ভেঞ্চারসের পার্টনার উইলিয়াম রেইকার্ট এবং জাতীয় পর্যায়ে ছিলেন এসএমই ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম হাসান সাত্তার, বাংলাদেশ ব্যাংকের এসএমই ডিভিশনের পরিচালক নওশাদ মুস্তাফা, বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেডের সিইও শওকাত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রফিউদ্দিন আহমেদ, ড্যাফোডিলের অধ্যাপক ড. রকিবুল কবির ও এক্সক্লুসিভ ক্যান লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইদ নাসির।
আয়োজকদের মতে, এই প্রতিযোগিতা শুধু বিজয়ী নির্ধারণের মধ্যে সীমাবদ্ধ নয়—এটি দেশের উদ্ভাবনী তরুণ প্রজন্মকে আন্তর্জাতিক ব্যবসায়িক অঙ্গনে তুলে ধরতে সহায়ক ভূমিকা রাখছে। বিনিয়োগকারী ও শিল্প সংশ্লিষ্টদের সঙ্গে সংযোগের মাধ্যমে উদ্যোক্তাদের ব্যবসার উন্নয়ন ত্বরান্বিত হবে। ড্যাফোডিলের ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ ডিপার্টমেন্ট দেশের স্টার্টআপ ইকোসিস্টেম শক্তিশালী করে অর্থনীতি ও কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব রাখছে, যা দেশীয় উদ্ভাবনকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করতে সহায়তা করবে।

মতামত দিন