বাংলাদেশ শিপিং করপোরেশন বহরে যুক্ত হচ্ছে দুই বাল্ক ক্যারিয়ার, ব্যয় ৯৩৬ কোটি টাকা।
বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) নিজস্ব অর্থায়নে চীনে নির্মিত দুটি আধুনিক বাল্ক ক্যারিয়ার জাহাজ কিনছে, যার সরবরাহকারী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি। মোট ব্যয় হবে ৯৩৬ কোটি টাকা, যার মধ্যে বৈদেশিক মুদ্রায় খরচ ৭ কোটি ৬৬ লাখ ডলার।
মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ ক্রয়ের অনুমোদন দেওয়া হয়। বৈঠকে জানানো হয়, আন্তর্জাতিক এক ধাপ দুই খাম পদ্ধতিতে দরপত্র আহ্বানের পর তিনটি প্রতিষ্ঠান প্রস্তাব জমা দেয়, যার মধ্যে কারিগরিভাবে গ্রহণযোগ্য সর্বনিম্ন দরদাতা হিসেবে হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি নির্বাচিত হয়।
চুক্তি স্বাক্ষরের পর প্রথম জাহাজ সেপ্টেম্বর ও দ্বিতীয়টি নভেম্বর মাসে বিএসসির কাছে হস্তান্তর করা হবে। উন্নয়ন প্রকল্প প্রস্তাব অনুযায়ী ২০২৭ সালের জুনের মধ্যে পুরো ক্রয় প্রক্রিয়া সম্পন্ন হবে।
আধুনিক কারিগরি বৈশিষ্ট্য ও পরিবেশবান্ধব প্রযুক্তি সমৃদ্ধ এ জাহাজ দুটি বহরে যুক্ত হলে বিএসসির পরিবহন সক্ষমতা প্রায় ১ লাখ ২০ হাজার ডিডব্লিউটি বৃদ্ধি পাবে, যা দেশের সমুদ্রবাণিজ্যে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
মতামত দিন