বাংলাদেশের ৪ ধরনের পাটপণ্যের রপ্তানিতে নতুন নিষেধাজ্ঞা দিল ভারত।
ভারত বাংলাদেশ থেকে চার ধরনের পাটজাত পণ্য স্থলবন্দর দিয়ে আমদানি নিষিদ্ধ করেছে। এর ফলে এসব পণ্য ভারতে পাঠাতে হলে মুম্বাইয়ের নভসেবা বন্দরের মাধ্যমে সমুদ্রপথ ব্যবহার করতে হবে।
ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীন বৈদেশিক বাণিজ্য মহাপরিচালকের কার্যালয় (ডিজিএফটি) সোমবার (১১ আগস্ট) এ সিদ্ধান্তের প্রজ্ঞাপন জারি করেছে। এটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় আসা পণ্যগুলো হলো:
-
পাট ও পাটজাত কাপড়
-
পাটের দড়ি বা রশি
-
পাটজাত পণ্য দিয়ে তৈরি দড়ি বা রশি
-
পাটের বস্তা বা ব্যাগ
সূত্র জানায়, বাংলাদেশ থেকে ভারতে পাটজাত পণ্যের প্রায় ৯৯ শতাংশই স্থলপথে রপ্তানি হয়। নতুন বিধিনিষেধের ফলে রপ্তানির সহজ পথ বন্ধ হয়ে গেছে।
বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তাপস প্রামাণিক বলেন, ‘ভারত প্রায়ই বাংলাদেশের ক্ষতির জন্য নীতিমালা গ্রহণ করে। আমরা সরকারের কাছে পুনরায় অনুরোধ করব যাতে এই বিষয় নিয়ে দ্বিপক্ষীয় আলোচনা শুরু হয়।’
তাপস প্রামাণিক আরও বলেন, ‘ভারত যদি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মতো বড় দেশগুলোর সঙ্গে আলোচনা করতে পারে, তাহলে বাংলাদেশকে কেন উপেক্ষা করবে? পাশাপাশি ব্যবসায়ীদের উচিত ভারতের বাইরে বিকল্প বাজার খুঁজে বের করা।’
উল্লেখ্য, গত ২৭ জুন ভারতের ডিজিএফটি আগে থেকেই স্থলবন্দর দিয়ে বাংলাদেশের কাঁচা পাট, পাটের রোল, পাটের সুতা ও বিশেষ ধরনের কাপড় আমদানি নিষেধাজ্ঞার আওতায় আনে। এবার সেই তালিকায় আরও চার পণ্য যুক্ত হলো।
মতামত দিন