ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

৭০ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত, ব্যয় ৫৪৮ কোটি টাকা ছাড়াল।

নিজেস্ব প্রতিবেদক:

চলতি মৌসুমে কৃষি উৎপাদন বজায় রাখতে সৌদি আরব ও দেশীয় উৎস থেকে মোট ৭০ হাজার টন রাসায়নিক সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে সরকারের ব্যয় হবে প্রায় ৫৪৮ কোটি ৫৩ লাখ টাকা।

বুধবার (৬ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সিদ্ধান্ত অনুযায়ী, সৌদি আরবের সঙ্গে রাষ্ট্রীয় পর্যায়ে হওয়া পুরোনো চুক্তি নবায়নের আওতায় ৪০ হাজার  টন ডিএপি সার আমদানি করবে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। প্রতি টন সারের দাম নির্ধারণ করা হয়েছে ৭৮১ মার্কিন ডলার। ফলে মোট ব্যয় হবে ৩ কোটি ১২ লাখ ৪০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় ৩৮৩ কোটি ৬২ লাখ টাকা।

অন্যদিকে, চট্টগ্রামে অবস্থিত কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে কেনা হবে আরও ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার। শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই অংশে ব্যয় হবে প্রায় ১৬৪ কোটি ৯১ লাখ টাকা।

সংশ্লিষ্টরা বলছেন, দেশে কৃষিজ উৎপাদন স্থিতিশীল রাখতে নিয়মিত সার সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে দাম ওঠানামা করলেও সরকার কৃষকদের কাছে ভর্তুকির মাধ্যমে কম দামে সার পৌঁছে দিচ্ছে।


মতামত দিন