ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

২০২৫-২৬ অর্থবছরে (জুলাই) রপ্তানিতে প্রবৃদ্ধি প্রায় ২৫ শতাংশ।

নিজেস্ব প্রতিবেদক:

নতুন অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বাংলাদেশের পণ্য রপ্তানি প্রবৃদ্ধির ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। এক মাসেই রপ্তানি আয় হয়েছে ৪৭৭ কোটি মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৪ দশমিক ৯০ শতাংশ বেশি।

সোমবার (৪ আগস্ট) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে এই চিত্র উঠে এসেছে।

ইপিবির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের শুরুটা গতবারের চেয়ে বেশ শক্তিশালী। ২০২৪ সালের জুলাইয়ে যেখানে রপ্তানি আয় ছিল ৩৮১ কোটি ডলার, সেখানে চলতি বছরের একই মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৭৭ কোটিতে।

এই রপ্তানি প্রবৃদ্ধির বড় অংশ এসেছে তৈরি পোশাক খাত থেকে। জুলাই মাসে ৩৯৬ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা আগের বছরের তুলনায় ২৪ দশমিক ৬৭ শতাংশ বেশি।

এছাড়া, চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষিজ পণ্য, হোম টেক্সটাইল, পাট ও পাটজাত পণ্য, প্রকৌশল ও প্লাস্টিক পণ্যের রপ্তানিও উল্লেখযোগ্য হারে বেড়েছে। হিমায়িত খাদ্য রপ্তানিতেও সামান্য উন্নতি দেখা গেছে।

গত অর্থবছর (২০২৪-২৫) বাংলাদেশ মোট ৪ হাজার ৮২৮ কোটি ডলারের পণ্য রপ্তানি করে, তখন প্রবৃদ্ধি ছিল ৮ শতাংশের বেশি। নতুন অর্থবছরের শুরুতেই এমন জোরালো প্রবৃদ্ধি অর্থনীতির জন্য আশাব্যঞ্জক বলে মনে করছেন বিশ্লেষকেরা।

মতামত দিন