বাংলাদেশে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে আসছে হংকংয়ের হানডা ইন্ডাস্ট্রিজ।
বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক শিল্পে ২৫ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ আনছে হংকংভিত্তিক হানডা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। মঙ্গলবার (২৯ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠককালে এই পরিকল্পনার কথা জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হান চুন।
প্রাথমিকভাবে ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিলেও সরকারি বিভিন্ন সংস্থার সহযোগিতায় তা ২৫০ মিলিয়ন ডলারে উন্নীত করা হয়েছে বলে জানায় হানডা কর্তৃপক্ষ। বিডা, বেজা ও বেপজার সহায়তায় কোম্পানিটি বাংলাদেশে তিনটি কারখানা নির্মাণ করবে। এর মধ্যে দুটি হবে গার্মেন্টস প্রসেসিং ইউনিট এবং একটি নিটিং ও ডায়িং প্ল্যান্ট।
এই প্রকল্পে প্রায় ২৫ হাজার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। হান চুন জানান, কোম্পানিটি সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের টেক্সটাইল খাতে টেকসই অবদান রাখতে চায়।
বৈঠকে হান চুন মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে স্থাপনের জন্য একটি গার্মেন্টস কারখানার নকশা উপস্থাপন করেন। প্রথম ধাপে ৮০ মিলিয়ন ডলার ব্যয়ে সেখানে জমি ইজারার চুক্তি হবে। দ্বিতীয় ধাপের কাজ শেষ হবে ২০২৫ সালের মধ্যে।
প্রধান উপদেষ্টা হানডা ইন্ডাস্ট্রিজের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “বাংলাদেশে চীনা বিনিয়োগের দৃষ্টান্ত তৈরি করুন এবং আরও বিনিয়োগকারীদের আকৃষ্ট করুন।”
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব মো. সিরাজ উদ্দিন মিয়া, বেপজার চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মো. জিয়াউর রহমান এবং হানডা ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট হেং জেলি।
মতামত দিন