ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রভিত্তিক বোয়িংয়ের কাছ থেকে ২৫ উড়োজাহাজ কিনবে বাংলাদেশ সরকার।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশের বিমান পরিবহন খাতকে আধুনিক ও সক্ষম করতে যুক্তরাষ্ট্রের বিখ্যাত উড়োজাহাজ নির্মাতা বোয়িং কোম্পানি থেকে ২৫টি নতুন উড়োজাহাজ সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার (২৭ জুলাই) ঢাকায় বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

তিনি বলেন, “বোয়িং একটি বেসরকারি কোম্পানি, যারা যুক্তরাষ্ট্র সরকারের অধীন নয়। আমরা তাদের সঙ্গে সরাসরি চুক্তিতে যাচ্ছি।”

সচিব আরও জানান, ইতোমধ্যে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত, ইন্দোনেশিয়া এবং ভিয়েতনাম বড় অর্ডার দিয়েছে—প্রতিটি দেশই ১০০টির মতো উড়োজাহাজ কেনার চুক্তি করেছে।

বোয়িং তাদের উৎপাদন সক্ষমতা অনুযায়ী ধাপে ধাপে উড়োজাহাজ সরবরাহ করবে, তাই বাংলাদেশকে কিছুটা সময়ের জন্য অপেক্ষা করতে হতে পারে বলে জানান মাহবুবুর রহমান।

বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে রয়েছে বোয়িংয়ের ৭৩৭-৮০০, ৭৭৭-৩০০ইআর এবং ৭৮৭ সিরিজের মোট ১৪টি উড়োজাহাজ। নতুন ২৫টি উড়োজাহাজ যুক্ত হলে বহরটি আরও আধুনিক ও বর্ধিত হবে। এতে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে যাত্রীসেবা এবং বাণিজ্যিক কার্যক্রমে গতি আসবে বলে  মনে করছে সংশ্লিষ্ট মহল।

সরকার বলছে, এ বিনিয়োগের ফলে বাংলাদেশের আকাশপথে যোগাযোগের অবকাঠামো আন্তর্জাতিক মানে পৌঁছাতে পারবে, যা দীর্ঘমেয়াদে অর্থনীতির জন্য বড় ইতিবাচক প্রভাব ফেলবে।

মতামত দিন