ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

বাংলাদেশ-আমেরিকা গম আমদানি চুক্তি স্মারক।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের খাদ্য নিরাপত্তা এবং পুষ্টি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে গম আমদানির বিষয়ে পাঁচ বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক (MoU) সই করেছে বাংলাদেশ সরকার। প্রতি বছর যুক্তরাষ্ট্র থেকে ৭ লাখ মেট্রিক টন উচ্চমানের গম প্রতিযোগিতামূলক দামে আমদানির লক্ষ্যেই এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রোববার (২০ জুলাই) খাদ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ সরকারের পক্ষে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর এবং ইউএস হুইট অ্যাসোসিয়েশনের পক্ষে সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট জোসেফ কে. সোয়ার এ চুক্তিতে স্বাক্ষর করেন।

খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাদ্য সচিব মো. মাসুদুল হাসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন, বাণিজ্য সচিবসহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে খাদ্য উপদেষ্টা বলেন, “এই সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আস্থা ও পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হলো। এটি আমাদের খাদ্য সরবরাহ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বৈশ্বিক বাজারে খাদ্যপণ্যের অস্থিরতা এবং জলবায়ুজনিত কারণে ফসল উৎপাদন চাপে পড়ায় গম আমদানিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হচ্ছে বাংলাদেশকে। এই চুক্তি সেই প্রয়াসেরই অংশ।

মতামত দিন