পশ্চিমবঙ্গের নদীতে ফের ডুবে গেল বাংলাদেশি কার্গো জাহাজ।
মাত্র পাঁচ মাসের ব্যবধানে আবারও পশ্চিমবঙ্গের নদীতে ডুবে গেছে বাংলাদেশি কার্গো জাহাজ। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের মুড়িগঙ্গা নদীতে ‘এমভি সোহান মালতি’ নামের বার্জটির তলদেশ ফেটে পানি ঢুকতে শুরু করে।
পোর্ট ট্রাস্ট অথরিটি জানিয়েছে, বজবজ পাওয়ার প্লান্ট থেকে ছাই নিয়ে ফেরার পথে এই বার্জটিতে ৮ জন নাবিক ছিলেন। স্থানীয় মৎস্যজীবী ও উপকূল রক্ষী বাহিনী তাদের উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসার পর নাবিকরা ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর তত্ত্বাবধানে আছেন। মালিকপক্ষকে ইতিমধ্যে অবহিত করা হয়েছে এবং নাবিকদের বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।
জাহাজ উদ্ধারের বিষয়েও মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে। উল্লেখ্য, এর আগে ফেব্রুয়ারিতে মাত্র সাত দিনের ব্যবধানে হুগলি নদীতে দুটি বাংলাদেশি পণ্যবাহী জাহাজ ডুবে গিয়েছিল।
মতামত দিন