ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

শিল্পায়নে আগ্রহ কম, ১১ মাসে কমেছে যন্ত্রপাতি ও জ্বালানি আমদানি।

নিজেস্ব প্রতিবেদক:

দেশে শিল্প খাতে বিনিয়োগ থমকে আছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) দেশে মূলধনী যন্ত্রপাতির আমদানি কমেছে প্রায় ২০ শতাংশ।
একই সময়ে জ্বালানি খাতে ব্যবহৃত অপরিশোধিত পেট্রোলিয়ামের আমদানি কমেছে এক তৃতীয়াংশ।

পরিসংখ্যান বলছে, এ সময়ে মূলধনী যন্ত্রপাতি আমদানি হয়েছে ২৬২ কোটি ২৪ লাখ ডলারের। আগের অর্থবছরের একই সময়ে এই খাতে আমদানি ছিল ৩২৫ কোটি ৯৫ লাখ ডলার। এক বছরে কমেছে প্রায় ৬৪ কোটি ডলার। অপরিশোধিত পেট্রোলিয়াম কমেছে ৩৩ দশমিক ২ শতাংশ। সিমেন্ট খাতে ব্যবহৃত ক্লিংকারের আমদানিও কমেছে ৭ দশমিক ৭ শতাংশ।

শিল্প উদ্যোক্তারা বলছেন, নতুন কারখানা গড়ার পরিবেশ নেই। ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে এস এম মোস্তাফিজুর রহমান বলেন, “শিল্প স্থাপনই হচ্ছে না, তাই যন্ত্রপাতি কম আমদানি হচ্ছে। এটা অর্থনীতির জন্য ভালো বার্তা নয়।”

রাজনৈতিক অনিশ্চয়তা, সংকোচনমুখী মুদ্রানীতি ও আমদানি নিয়ন্ত্রণ—এই তিন কারণেই বিনিয়োগ থেমে আছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। ডিসিসিআইয়ের সাবেক সভাপতি আশরাফ আহমেদ বলছেন, “গত  এক বছর ধরে নীতিগত অনিশ্চয়তা ও কড়াকড়ি চলছে। ফলে কেউ ঝুঁকি নিতে চাইছে না।”

বিনিয়োগ ফেরাতে রাজনৈতিক স্থিতিশীলতা এবং নন-ট্যারিফ বাধা দূর করার তাগিদ দিয়েছেন ব্যবসায়ী নেতারা।

মতামত দিন