ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

আগস্টে কাতার থেকে আসছে এলএনজি, ব্যয় ৫৫৬ কোটি টাকা।

নিজস্ব প্রতিবেদকঃ

জ্বালানির ঘাটতি মোকাবিলায় আগামী আগস্ট মাসে কাতার থেকে একটি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) কার্গো আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি। প্রস্তাব অনুযায়ী, ৫৫৬ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে এলএনজি সংগ্রহ করবে বাংলাদেশ।

মঙ্গলবার (১৫ জুলাই) অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে এলএনজি সরবরাহে দরপত্র আহ্বান করা হয় চুক্তিবদ্ধ ২৩টি প্রতিষ্ঠানের কাছ থেকে, যার মধ্যে তিনটি প্রতিষ্ঠান প্রস্তাব জমা দেয়। সর্বনিম্ন দরদাতা কাতার এনার্জি ট্রেডিং এলএলসি নির্বাচিত হয়। তাদের প্রস্তাব অনুযায়ী, ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি সরবরাহে প্রতি ইউনিট দাম নির্ধারণ করা হয়েছে ১৩.২৪ ডলার।

আগামী ৪-৫ আগস্টের মধ্যে ৩৩তম এই কার্গো দেশে পৌঁছাবে বলে জানানো হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এই এলএনজি জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ কিছুটা হলেও বাড়াবে। সরকার নিয়মিতভাবে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি করে জ্বালানি চাহিদা পূরণে কাজ করছে।

মতামত দিন