ত্রিপুরার জন্য হাড়িভাঙ্গা আম পাঠালেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এই আম ভারতে প্রবেশ করে। রাষ্ট্রীয় সৌহার্দ্য বজায় রাখতে প্রতিবছর দুই দেশের মধ্যে এ ধরনের উপহার বিনিময়ের রীতি চালু রয়েছে।
জানা গেছে, এদিন ৬০টি কার্টনে মোট ৩০০ কেজি হাড়িভাঙ্গা আম আখাউড়া বন্দর দিয়ে আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়। রপ্তানির দায়িত্বে ছিল কার্গোওয়ার্ল্ড লজিস্টিকস নামের একটি প্রতিষ্ঠান। পুরো প্রক্রিয়াটি তত্ত্বাবধান করে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানিয়েছেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় আমগুলো শুল্ক ও অন্যান্য ফি ছাড়াই ছাড়করণ করা হয়।
উল্লেখ্য, প্রতিবছর বাংলাদেশের পক্ষ থেকে যেমন আম উপহার পাঠানো হয়, তেমনি ত্রিপুরা থেকে ফিরে আসে তাদের বিখ্যাত কুইন জাতের আনারস। আবার দুর্গাপূজা উপলক্ষে ভারতীয়দের জন্য ইলিশ মাছও বিশেষভাবে রপ্তানির অনুমতি দেয় বাংলাদেশ সরকার, যা দুই দেশের কূটনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় করে।
মতামত দিন