হিলি স্থলবন্দর দিয়ে প্রথমবার ভারতে জুস রপ্তানি, নতুন অর্থবছরের শুভ সূচনা।
নতুন অর্থবছরের প্রথম সপ্তাহেই দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতে শুরু হলো বাংলাদেশের জুস রপ্তানি। এই প্রথম হিলি বন্দর দিয়ে রপ্তানি হলো দেশীয়ভাবে উৎপাদিত বোতলজাত ফলের জুস।
বুধবার (২ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে প্রায় ১০ টন পণ্যবাহী একটি কাভার্ডভ্যান বন্দর অতিক্রম করে ভারতের দিকে যায়। রপ্তানিকারক প্রতিষ্ঠান দুটি হলো আকিজ গ্রুপ ও হাসেম ফুড। আমদানিকারক হিসেবে ভারতের দিপালী এন্টারপ্রাইজ এবং সুকন ড্রিংকস পণ্যগুলো গ্রহণ করে।
হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “২০২৫-২৬ অর্থবছরের প্রথম দিন থেকেই হিলি দিয়ে আবার রপ্তানি কার্যক্রম শুরু হওয়াটা একটি ভালো বার্তা। দীর্ঘদিন রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও এখন একাধিক প্রতিষ্ঠান জুস পাঠাচ্ছে ভারতে।”
রপ্তানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি রাশেদ ফেরদৌস জানান, গত দুই দিনে মোট দুটি কাভার্ডভ্যানে করে প্রায় ২০ টন জুস রপ্তানি হয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ১৮ হাজার মার্কিন ডলার। পণ্যগুলো ভারতের কলকাতায় যাচ্ছে।
প্রসঙ্গত, গত ১৭ মে ভারত সরকার কয়েকটি স্থলবন্দর দিয়ে নির্দিষ্ট কিছু পণ্যের আমদানিতে বিধিনিষেধ আরোপ করে। তবে হিলি স্থলবন্দর সেই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকায় এই রপ্তানি সম্ভব হয়েছে। এতে ব্যবসায়ীরা নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন।
হিলি কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, আগামীতেও এই বন্দর দিয়ে নিয়মিতভাবে জুসসহ অন্যান্য প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানির সম্ভাবনা রয়েছে।
মতামত দিন