ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় নৌবাহিনীকে দায়িত্ব দিতে সরকারের প্রস্তাব।

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় সাময়িকভাবে বাংলাদেশ নৌবাহিনীকে দায়িত্ব দেওয়ার সুপারিশ করেছে সরকার। এ দায়িত্বপ্রদান প্রাথমিকভাবে ছয় মাসের জন্য কার্যকর হতে পারে বলে জানিয়েছেন নৌ পরিবহন ও শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

বুধবার (২ জুলাই) চট্টগ্রাম বন্দরের কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “টার্মিনাল পরিচালনায় একটি স্থায়ী অপারেটর নিয়োগের দায়িত্ব বন্দর কর্তৃপক্ষের ওপরেই রয়েছে। তারা প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে সিদ্ধান্ত নেবে। তবে আপাতত, এনসিটি কার্যক্রম সচল রাখতে ছয় মাসের জন্য নৌবাহিনীকে দায়িত্ব দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে।”

বিদেশি কোম্পানি পরিচালনায় থাকলেও জনবল দেশীয়

উপদেষ্টা সাখাওয়াত হোসেন আরও বলেন, “বর্তমানে বিশ্বের অনেক দেশেই আন্তর্জাতিক প্রতিষ্ঠান বন্দর পরিচালনার দায়িত্বে রয়েছে। বাংলাদেশেও এমন সম্ভাবনার বিষয়ে আলোচনা চলছে। তবে দেশের স্বার্থে বিরূপ কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। এমনকি বিদেশি কোনো কোম্পানি দায়িত্ব নিলেও বাংলাদেশের বিশেষজ্ঞ জনবলই কাজ করবে।”

বৈশ্বিক কোম্পানির মাধ্যমে বাড়বে রুট, কমবে খরচ

এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস. এম. মনিরুজ্জামান বলেন, “ডিপি ওয়ার্ল্ড বা এই ধরনের অভিজ্ঞ আন্তর্জাতিক কোম্পানিকে টার্মিনাল পরিচালনার দায়িত্ব দিলে বাংলাদেশের বাণিজ্যে নতুন রুট তৈরি হবে। এতে করে আন্তর্জাতিক জাহাজ পরিবহন ও কনটেইনার ভাড়া উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।”

তিনি আরও জানান, দক্ষ পরিচালনা ও প্রযুক্তিগত উৎকর্ষের কারণে বৈশ্বিক সংস্থাগুলোর অভিজ্ঞতা থেকে বাংলাদেশ লাভবান হতে পারে।

চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনায় গত কয়েক মাস ধরে যান্ত্রিক সমস্যা, জনবল সংকট ও পরিচালনা ঘাটতির অভিযোগ উঠছিল। এ প্রেক্ষাপটে কার্যক্রম সচল রাখতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

মতামত দিন