শাটডাউন প্রত্যাহার,বেনাপোল বন্দরে পুনরায় বাণিজ্য শুরু।
দুদিনের স্থবিরতা কাটিয়ে আবারও পুরোদমে শুরু হয়েছে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম। সোমবার (৩০ জুন) সকাল থেকে দুদেশের মধ্যে পণ্য খালাস, শুল্কায়ন ও ট্রাক চলাচল স্বাভাবিক হয়।
এনবিআর সংস্কার ঐক্য পরিষদের 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচি প্রত্যাহারের পরপরই এ কার্যক্রম চালু হয়।
বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানিয়েছেন, সকাল থেকে পণ্য ওঠানামাসহ অন্যান্য কার্যক্রম আবারও চালু হয়েছে। যানজট ও পণ্যজট দ্রুত নিরসনে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সর্বোচ্চ তৎপর থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে ২৮ ও ২৯ জুন ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচির অংশ হিসেবে বন্দরটির সব কার্যক্রম বন্ধ ছিল। এতে আমদানি-রপ্তানি পুরোপুরি থমকে যায় এবং দুদেশের সীমান্তবর্তী এলাকায় প্রায় ২ হাজার পণ্যবাহী ট্রাক আটকা পড়ে বলে জানিয়েছেন বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি আলহাজ মহসিন মিলন।
তিনি আরও জানান, দুদিনের অচলাবস্থায় সরকার প্রায় ৫০ কোটি টাকার রাজস্ব হারিয়েছে।
বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার রাজন হোসেন বলেন, কার্যক্রম চালুর পর রাজস্ব আদায়ে ঘাটতি পূরণে কর্মকর্তা-কর্মচারীদের অতিরিক্ত সময় দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
ব্যবসায়ীরা মনে করছেন, বন্ধের ফলে যে ক্ষতি হয়েছে, তা দ্রুত কাটিয়ে উঠতে তৎপরতা বাড়াতে হবে। সীমান্তের উভয় প্রান্তে ট্রাক জট কমাতে বিশেষ ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মতামত দিন