ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে দুই দিনের স্থবিরতা কাটিয়ে আবার সচল আমদানি-রপ্তানি কার্যক্রম।

নিজস্ব প্রতিবেদক:

দুই দিনের অচলাবস্থার পর চট্টগ্রাম বন্দরে আজ (সোমবার, ৩০ জুন) সকাল থেকে পুরোদমে শুরু হয়েছে আমদানি ও রপ্তানি কার্যক্রম। কাস্টমস অনুমোদন পুনরায় চালু হওয়ায় বন্দরে পণ্য খালাস, কনটেইনার হ্যান্ডলিংসহ সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।

চট্টগ্রাম কাস্টম হাউসের উপকমিশনার সাইদুল ইসলাম জানান, রোববার রাতে আংশিকভাবে কার্যক্রম শুরু হলেও সোমবার সকাল থেকে বন্দর পুরোপুরি সচল হয়ে গেছে।

এর আগে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার ঐক্য পরিষদের ডাকা ‘শাটডাউন’ কর্মসূচির কারণে শনিবার সকাল থেকে দেশের সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনে কার্যক্রম বন্ধ ছিল। ফলে কাস্টমস  ছাড়পত্র না থাকায় চট্টগ্রাম বন্দরের সব আমদানি-রপ্তানি কার্যক্রমও একপ্রকার থমকে যায়।

সরেজমিনে চট্টগ্রাম বন্দর এলাকায় গিয়ে দেখা গেছে, জাহাজ থেকে আমদানি পণ্য নামানো, ডিপো থেকে রপ্তানি পণ্য বন্দরে নিয়ে আসা এবং কনটেইনার খালাস— সব কার্যক্রম ফের পুরোদমে শুরু হয়েছে।

রোববার রাতে ঢাকায় ব্যবসায়ী নেতাদের সঙ্গে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের বৈঠকের পর কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত আসে। এর পরপরই বন্দর ও কাস্টমস কার্যক্রম ধাপে ধাপে সচল হতে থাকে।

বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, কার্যক্রম বন্ধ থাকায় দুই দিনে বিপুল পণ্য জট তৈরি হয়েছিল, তবে কাজ শুরু হওয়ায় এখন দ্রুত সেই জট কমিয়ে ফেলার চেষ্টা চলছে।

মতামত দিন