ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

এনবিআর এর আন্দোলনে আমদানি-রপ্তানি কার্যত বন্ধ।

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খানের অপসারণ দাবিতে দেশের রাজস্ব প্রশাসনে আজ শনিবার (২৮ জুন) থেকে শুরু হয়েছে লাগাতার শাটডাউন কর্মসূচি। একই সঙ্গে ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি পালন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা।

সরকারি পক্ষ থেকে আন্দোলন প্রত্যাহারের দাবি এলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করে কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। ফলে কার্যত অচল হয়ে পড়েছে জাতীয় রাজস্ব বোর্ড, স্থবির হয়ে যাচ্ছে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম।

সূত্র জানায়, এনবিআর ভেঙে দুটি পৃথক ইউনিট—‘রাজস্ব নীতি’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা’—গঠনের সিদ্ধান্তকে ঘিরেই মূলত শুরু হয় এই সংকট। গত ১৯ জুন এনবিআর থেকে গঠিত ৬ সদস্যের একটি সংস্কার কমিটির সমন্বয়ক করা হয় এমন এক কর্মকর্তাকে, যিনি প্রথমেই এই অধ্যাদেশকে সমর্থন করেছিলেন। এতে ক্ষুব্ধ হন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা।

এরপর আন্দোলনে নেতৃত্ব দেওয়া পাঁচ উপকমিশনারকে বদলির আদেশ দিলে আন্দোলন আরও বিস্তৃত  আকার নেয়। কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়ে ক্ষোভ, যার ফলে শুরু হয় কলমবিরতি ও কর্মস্থলে অবস্থান কর্মসূচি।

এনবিআর ভবনে প্রবেশে বৃহস্পতিবার থেকে নিয়ন্ত্রণ আরোপ করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপরই অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের নেতৃত্বে এনবিআর চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়।

অর্থ মন্ত্রণালয় জানায়, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় ‘কমপ্লিট শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। তবে ঐক্য পরিষদ একে বিভ্রান্তিকর দাবি করে জানায়, তারা ওই বৈঠকে অংশ নেয়নি, এবং আন্দোলনও চালিয়ে যাবে।

এনবিআরের পক্ষ থেকে শুক্রবার রাতেই একটি আদেশে জানানো হয়, কোনো কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত থাকলে কিংবা দেরিতে উপস্থিত হলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের বিবৃতিতে জানায়, আন্দোলন চলমান থাকবে এবং প্রয়োজন হলে অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসতে তারা প্রস্তুত। তবে, রাজস্ব প্রশাসনের স্থবিরতা  নিরসনে এবার প্রধান উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপ কামনা করেছে তারা।

এ পরিস্থিতিতে সবচেয়ে বিপাকে পড়েছে ব্যবসায়ী মহল। তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ জানিয়েছে, এই অচলাবস্থায় তাদের রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে এক জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের অবস্থান স্পষ্ট করা হবে বলে জানিয়েছেন সভাপতি মাহমুদ হাসান খান বাবু।

মতামত দিন