ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

পরিবেশবান্ধব উদ্যোগে আবারও স্বীকৃতি পেল ওয়ালটন।

নিজস্ব প্রতিবেদক:

পুনরায় ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ অর্জন করলো পুঁজিবাজারে তালিকাভুক্ত টেক জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। পরিবেশ সুরক্ষা, উদ্ভাবনী উদ্যোগ ও শ্রমবান্ধব নীতিমালার বাস্তবায়নে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২৫’ গ্রহণ করেন ওয়ালটনের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) মো. ইউসুফ আলী।

পুরস্কার হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, শ্রম ও নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং সভাপতিত্ব করেন সচিব এ এইচ এম সফিকুজ্জামান।

উল্লেখযোগ্য যে, পরিবেশবান্ধব প্রযুক্তি, পুনর্ব্যবহারযোগ্য উপকরণের ব্যবহার ও টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে ওয়ালটনের নেওয়া বিভিন্ন পদক্ষেপের জন্যই এ স্বীকৃতি। প্রতিষ্ঠানটি দেশের সর্ববৃহৎ ফ্লোটিং সোলার প্লান্ট (এক মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন), রুফটপ সোলার প্রজেক্ট এবং পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থার মাধ্যমে পরিবেশ সুরক্ষায় নেতৃত্ব দিচ্ছে।

এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ পেল ওয়ালটন। ২০২৩ সালেও একই ক্যাটাগরিতে প্রতিষ্ঠানটি এই পুরস্কার লাভ করেছিল।

পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় মো. ইউসুফ আলী বলেন, “এটা শুধু ওয়ালটনের নয়, দেশের প্রযুক্তিখাতের জন্যও একটি অর্জন। শুরু থেকেই আমরা পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে দেশীয় প্রযুক্তির মান তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ।”

গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২৫-এ বিভিন্ন খাতের মোট ৩০টি শিল্পপ্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এর মাধ্যমে নিরাপদ, টেকসই ও প্রতিযোগিতামূলক শিল্প উন্নয়নে দেশের বেসরকারি খাতের উদ্যোগকে উৎসাহিত করছে সরকার।

মতামত দিন