ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানিতে সরকারের অনুমোদন।

নিজস্ব প্রতিবেদক:

দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে সিঙ্গাপুরের ভিটল এশিয়া পিটিই লিমিটেড থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে সরকার। আমদানিতে ব্যয় ধরা হয়েছে ৫৬৯ কোটি ২৯ লাখ টাকা।

বুধবার (২৫ জুন) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্র জানায়, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮ অনুসারে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ করে  স্পট মার্কেট থেকে ২০২৫ সালের ২৮-২৯ জুলাই সময়কালের জন্য এই এলএনজি ক্রয়ের প্রস্তাব অনুমোদন পেয়েছে।

এক কার্গো এলএনজি আমদানিতে প্রতি এমএমবিটিইউ’র দাম পড়বে ১৩ দশমিক ৫২ মার্কিন ডলার। আমদানির পুরো ব্যয় দাঁড়াবে ৫৬৯ কোটি ২৯ লাখ ৩৬ হাজার ৩৬৩ টাকা ২০ পয়সা।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের করা প্রস্তাব অনুযায়ী এ এলএনজি কেনা হচ্ছে।

বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, “হরমুজ প্রণালীর টানাপোড়েনের কারণে গম বা জ্বালানি আমদানিতে তেমন প্রভাব পড়বে না, তবে সার আমদানিতে কিছুটা প্রভাব পড়তে পারে।”

সরকার বলছে, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক দামে এলএনজি সংগ্রহের এই প্রক্রিয়া ভবিষ্যতের জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মতামত দিন