ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

দেশি সুতায় শুল্ক বাড়ানোর প্রস্তাব, ক্ষোভে উত্তাল তাঁতশিল্প।

নিজস্ব প্রতিবেদক:

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশি কটন সুতার ওপর শুল্ক বাড়িয়ে প্রতি কেজিতে ৫ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। বিপরীতে সিনথেটিক সুতার শুল্ক ৬ টাকা থেকে কমিয়ে ৫ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের প্রস্তাবিত এই কর কাঠামো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দেশের স্পিনিং মিল ও তাঁতশিল্প সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

স্থানীয়ভাবে তৈরি সুতা ব্যবহারে উৎসাহ দেওয়ার পরিবর্তে, আমদানিকৃত পণ্যের শুল্ক হ্রাস এবং দেশি  সুতায় কর বৃদ্ধি দেশের ক্ষুদ্র ও মাঝারি তাঁত শিল্পের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চু বলেন, “স্থানীয় সুতায় কর বাড়লে কাপড় উৎপাদনের খরচ বেড়ে যাবে। এতে একদিকে তাঁতশিল্প ক্ষতিগ্রস্ত হবে, অন্যদিকে সাধারণ মানুষের জন্য কাপড়ের দাম বাড়বে।”

তিনি আরও বলেন, “এ শিল্পের সঙ্গে জড়িত হাজারো পরিবারের জীবিকা রয়েছে হুমকির মুখে। বাজেট  পাসের আগে সরকারকে বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানাই।”

তাঁতশিল্প সংশ্লিষ্টরা বলছেন, যেখানে দেশে তৈরি সূতা দিয়ে তাঁত চালানো হয়, সেখানে শুল্ক বাড়ানো হলে তা উৎপাদনে ব্যয় বাড়াবে, প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে স্থানীয় উদ্যোক্তারা। অন্যদিকে কম শুল্কে বিদেশি  সুতা বাজার দখল করে নিতে পারে।

এই পরিস্থিতিতে সরকার যদি স্থানীয় শিল্পকে সুরক্ষা দিতে চায়, তবে দেশি সূতার ওপর শুল্ক কমিয়ে তাঁতশিল্পের ভার লাঘবের আহ্বান জানিয়েছেন তাঁত মালিকরা।

মতামত দিন