ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

ঈদ ও প্রযুক্তিগত জটিলতা কাটিয়ে ১১ দিন পর সচল হিলি স্থলবন্দর।

নিজস্ব প্রতিবেদক:

দিনাজপুরের হিলি স্থলবন্দর টানা ১১ দিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। ঈদুল আজহার ছুটি, সাপ্তাহিক বন্ধ ও ভারতের কাস্টমস সার্ভারের সমস্যার কারণে এতদিন পণ্য পরিবহন বন্ধ থাকলেও আজ সোমবার (১৬ জুন) দুপুর থেকে কার্যক্রম পুনরায় শুরু হয়।
এতে বন্দরে ফিরে এসেছে স্বাভাবিক কর্মচাঞ্চল্য।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, ৫ জুন থেকে ঈদ ও অন্যান্য ছুটির কারণে বন্দর দিয়ে কোনো পণ্য আমদানি-রপ্তানি হয়নি। রোববার কার্যক্রম চালুর কথা থাকলেও ভারতের কাস্টমস সার্ভার সমস্যা থাকায় তা সম্ভব হয়নি।

“তবে আজ দুপুর ১২টা থেকে দুদেশের মধ্যে নিয়মিত পণ্য চলাচল শুরু হয়েছে,” বলেন তিনি।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আরিফুল ইসলাম জানান, বন্দরে পণ্য চলাচল বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।

দীর্ঘদিন পর বন্দর সচল হওয়ায় ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট মহলে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো।

মতামত দিন