ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

সবুজ কারখানার তালিকায় যুক্ত হলো আরও ৪ পোশাক কারখানা।

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশে পরিবেশবান্ধব (সবুজ) কারখানার সংখ্যা আরও বেড়েছে। এবার নতুন করে চারটি তৈরি পোশাক কারখানা যুক্ত হয়েছে সবুজ কারখানার তালিকায়।
এর ফলে দেশের পোশাক ও বস্ত্রখাতে গ্রিন ফ্যাক্টরির  সংখ্যা দাঁড়িয়েছে ২৪৮টিতে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল (USGBC) থেকে এসব  কারখানা ‘লিড’ সনদ পেয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)

নতুন স্বীকৃতি পাওয়া কারখানাগুলোর মধ্যে রয়েছে—

  • অ্যাডভান্স অ্যাটায়ার (মানিকগঞ্জ) — ৯৬ পয়েন্ট পেয়ে লিড প্লাটিনাম

  • আমানত শাহ ফেব্রিকস (ওভেন কম্পোজিট), নরসিংদী — ৮২ পয়েন্ট, লিড প্লাটিনাম

  • কটন ফিল্ড বিডি (প্রোডাকশন বিল্ডিং), গাজীপুর — ৮৩ পয়েন্ট, লিড প্লাটিনাম

  • কেএম অ্যাপারেল নিট, উত্তরখান, ঢাকা — ৬২ পয়েন্ট, লিড গোল্ড

বিজিএমইএর হিসাবে, এখন পর্যন্ত দেশের পোশাক খাতের মধ্যে লিড প্লাটিনাম সনদ পেয়েছে ১০৫টি কারখানা, লিড গোল্ড পেয়েছে ১২৯টি, লিড সিলভার ১০টি এবং লিড সার্টিফায়েড সনদ পেয়েছে ৪টি প্রতিষ্ঠান।

‘লিড’ অর্থাৎ Leadership in Energy and Environmental Design—এই সনদ দেয় ইউএসজিবিসি। তারা পরিবেশবান্ধব ও টেকসই অবকাঠামো মূল্যায়নের ভিত্তিতে লিড স্বীকৃতি দিয়ে থাকে। এটি পেতে হলে সর্বোচ্চ ১১০ পয়েন্টের মধ্যে নির্দিষ্ট মান পূরণ করতে হয়।

  • ৮০ পয়েন্টের বেশি হলে লিড প্লাটিনাম

  • ৬০-৭৯ পেলে লিড গোল্ড

  • ৫০-৫৯ পেলে লিড সিলভার

  • ৪০-৪৯ পেলে লিড সার্টিফায়েড

ভবন নির্মাণ কিংবা পুরনো স্থাপনা সংস্কারের পরও এই সনদের জন্য আবেদন করা যায়। পরিবেশবান্ধব কারখানা তৈরির ক্ষেত্রে বাংলাদেশ এখন বিশ্বে অন্যতম শীর্ষ অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা।

মতামত দিন