ঈদের আগে জমজমাট মসলার বাজার, দামে তেমন বাড়তি চাপ নেই।
শুক্রবার (৬ জুন) দুপুরে কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, মসলার দোকানগুলোতে উপচে পড়া ভিড়। এলাচ, দারুচিনি, জিরা, লবঙ্গ, গোলমরিচ, কিশমিশ, কাজুবাদাম—সবকিছুরই চাহিদা বেড়েছে। অনেকেই বলছেন, ঈদের রান্নার প্রস্তুতির জন্য মসলা এখন প্রয়োজনীয় ও অগ্রাধিকারমূলক পণ্য।
ক্রেতারা জানাচ্ছেন, কারওয়ান বাজারে পাইকারি দরে মসলা কেনা যাচ্ছে বলেই দাম তুলনামূলকভাবে কম। তবে এলাচ ছাড়া বাকি মসলার দামে তেমন পার্থক্য চোখে পড়েনি।
বিক্রেতাদের দাবি, এলাচের দাম কমেছে কেজিতে ২০০-৩০০ টাকা। এখন মানভেদে বিক্রি হচ্ছে ৪,৬০০ থেকে ৫,৩০০ টাকা কেজি দরে। অন্যদিকে, দারুচিনি ৫৬০ টাকা, জিরা ৫৮০-৬০০ টাকা, লবঙ্গ ১,৪৫০ টাকা, গোলমরিচ ১,২০০ টাকা এবং কিশমিশ ৬৮০-৮৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ধনিয়া ১৮০-২৪০ টাকা,বড় এলাচ ২,৮৫০ টাকা, কাজুবাদাম ১,৭৫০-১,৮০০ টাকা এবং চীনাবাদাম ১৫০ টাকা দরে মিলছে।
আদা, রসুন ও পেঁয়াজের দাম অবশ্য স্থির রয়েছে। পেঁয়াজ কেজিপ্রতি ৫০-৫৫ টাকা, আদা ১২০-১৮০ টাকা এবং দেশি রসুন ১৬০-১৮০ টাকা। আমদানি করা রসুন বিক্রি হচ্ছে ২০০ টাকায়।
শেষ মুহূর্তের রোদেলা আবহাওয়ায় জমে উঠেছে ঈদের কেনাকাটা। বেচাকেনায় সন্তুষ্ট বিক্রেতারা,আর সাশ্রয়ী দামে পণ্য কিনে খুশি ক্রেতারা।
মতামত দিন