ঈদ উপলক্ষে তামাবিল স্থলবন্দরে ১১ দিনের আমদানি-রপ্তানি বন্ধ।
তামাবিল বন্দর সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার (৫ জুন) থেকে ১৫ জুন পর্যন্ত বন্ধ থাকবে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম। ১৬ জুন (সোমবার) থেকে আবারও স্বাভাবিক হবে বন্দর কার্যক্রম।
তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে এই সাময়িক বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। সংগঠনটির নির্বাচন কমিশনার মো. ওমর ফারুক বলেন, “আমরা ঈদ উপলক্ষে ব্যবসায়ী ও শ্রমিকদের কথা চিন্তা করে এই ১১ দিন বন্দর কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। ১৬ জুন থেকে পূর্ণ শক্তিতে কার্যক্রম শুরু হবে।”
তামাবিল ইমিগ্রেশন ইনচার্জ মো. সামিম মিয়া জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন কার্যক্রম চালু থাকবে। পাসপোর্টধারী যাত্রীরা প্রতিদিনই যাতায়াত করতে পারবেন, এমনকি ঈদের দিনেও।
বন্দর সংশ্লিষ্টরা বলছেন, ঈদের ছুটিকে ঘিরে এই সাময়িক বিরতিতে পাথর পরিবহন ও সীমান্তবর্তী কার্যক্রমে কিছুটা ধীরগতি আসলেও, যাত্রী চলাচলে কোনো ব্যাঘাত ঘটবে না।

মতামত দিন