ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

আখাউড়া স্থলবন্দরে ৪ দিনের জন্য আমদানি-রপ্তানি বন্ধ।

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আগামী ৬ জুন (শুক্রবার) থেকে ৯ জুন (সোমবার) পর্যন্ত চার দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে এই সময়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, ঈদের ছুটির কারণে সীমান্ত বাণিজ্য সাময়িকভাবে বন্ধ রাখা হবে এবং ১০ জুন (মঙ্গলবার) থেকে পুনরায় পুরোদমে কার্যক্রম শুরু হবে।

ভারতের আগরতলা বন্দরের ব্যবসায়ী সংগঠনকে ইতোমধ্যেই এ সিদ্ধান্ত জানানো হয়েছে বলে জানান তিনি।

এদিকে আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আব্দুস সাত্তার জানিয়েছেন, পণ্য পরিবহন বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াতে কোনো বিঘ্ন ঘটবে না।

উল্লেখ্য, আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন বাংলাদেশ থেকে ভারতে বরফায়িত মাছ, সিমেন্ট, ভোজ্যতেলসহ নানা ধরনের পণ্য রপ্তানি করা হয়, যা ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে সরবরাহ করা হয়। এই চার দিনের বিরতিতে সীমান্ত ব্যবসা বন্ধ থাকলেও যাত্রী চলাচল অব্যাহত থাকায় সীমান্ত এলাকায় জনসাধারণের স্বস্তি থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মতামত দিন